বঙ্গোপসাগরে কমছে মাছের পরিমাণ



বঙ্গোপসাগরে কমছে মাছের পরিমাণ

সামুদ্রিক মাছের কিছু প্রজাতি অনেকটা নিঃশেষ হতে চলেছে, ফলে বঙ্গোপসাগরে মাছের পরিমাণ কমছে- এমন সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা।

নির্বিচারে সামুদ্রিক মাছ শিকার এবং অনিয়ন্ত্রিত ও অবৈধ মাছ ধরা বন্ধ না হলে ভবিষ্যতে বঙ্গোপসাগর মাছশূন্য হয়ে যেতে পারে বলেও আশঙ্কা তাঁদের।

গত তিন বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সামুদ্রিক মাছ নিয়ে একটি প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ সার্ভে ম্যানেজমেন্ট ইউনিটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফ উদ্দীন জানান, ‘২০০০ সালের পর থেকে আমাদের ভেসেল বেইসড যে গবেষণা সেটা পুরোপুরি বন্ধ ছিল। বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের মাধ্যমে এটা আবার শুরু করা হয়েছে।’ তিনি বলেন, ‘মূলত ২০১৬ সাল থেকে এটা আমরা শুরু করেছি। তিন বছরের প্রাথমিক তথ্যে আমরা দেখছি যে আমাদের সমুদ্রের সার্বিক মজুদ ঠিক থাকলেও কোনো কোনো ক্ষেত্রে কিছু মাছের মনে হচ্ছে অতিরিক্ত আহরণ হয়েছে।’

মাছের যেসব প্রজাতি হুমকিতে : সামুদ্রিক মাছের মধ্যে লাক্ষা, সার্ডিন, পোয়া, লটিয়া, ফলি চান্দা, হরিণা চিংড়ি ও কাটা প্রজাতির মাছের মজুদ ও পরিমাণ আশঙ্কাজনক হারে কমেছে। গবেষকরা বলছেন, এসব সামুদ্রিক মাছ অতিরিক্ত আহরণ করা হচ্ছে।

সমুদ্রবিজ্ঞানী সাইদুর রহমান চৌধুরী আরভি মীন সন্ধানীর তথ্য-উপাত্ত বিশ্লেষণের সঙ্গেও যুক্ত। তিনি বলেন, ‘এটা আমাদের সায়েন্টিফিক কমিউনিটির জন্য খুবই উদ্বেগের। মাছের বংশবিস্তারের জন্য পর্যাপ্ত পরিমাণ রেখে দেওয়া যেটা দরকার সেটা যদি আমরা না রাখি, তাহলে পরবর্তী সিজনে বংশবৃদ্ধি হবে না।’

তিনি আরো বলেন, ‘পৃথিবীর অন্যান্য সমুদ্রের যেমন গালফ অব থাইল্যান্ড অনেকটা মৎস্যশূন্য হয়ে গেছে। আমরা চাই না, আমাদের বে অব বেঙ্গল সে রকম মৎস্যশূন্য হয়ে যাক।’

বিজ্ঞানীদের মতে, অতিরিক্ত আহরণের কারণে যেকোনো মাছ বাণিজ্যিকভাবে বিলুপ্ত হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি থাকে এবং সুরক্ষার ব্যবস্থা করা না হলে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।

মিঠা পানির মাছ উৎপাদনে এবং ইলিশ রক্ষায় সরকারী উদ্যোগ থাকলেও সমুদ্র রক্ষায় এমন কিছু দেখা যায় না। আর তাই মাছহীন বঙ্গোপসাগর যে আসন্ন, তা বুঝতে বাকি নেই গবেষকদের।

সুত্র : বিবিসি বাংলা