বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম টি-টোয়েন্টি সিরিজে প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৬৭ রান করেছে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২১ রান করেছে বাংলাদেশ।
আজ রোববার ভারতের দেরাদূনে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। প্রথম ১০ ওভার পর্যন্ত ম্যাচটা ছিল সমানে-সমান। কিন্তু ২ ওভারের মধ্যে হঠাৎ করেই চালকের আসনে চলে এল বাংলাদেশ। দ্বাদশ ওভারের শেষ বল থেকে চৌদ্দতম ওভারের পঞ্চম বল, এই ১২ বলে মাত্র ৫ রান করেছে আফগানিস্তান। এর মধ্যে ৩ উইকেট হারিয়ে বসল দলটি। ১ উইকেটে ৮৬ রান থেকে হঠাৎ করেই ৯১/৪-এ রূপ নিল স্বাগতিক দল।
শুরুটা করেছেন সাকিব। তাঁকে রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট থার্ডম্যানে ধরা পড়লেন মোহাম্মদ (৩৭ বলে ৪০ রান)। আর ১৪তম ওভারে মাহমুদউল্লাহকে হাঁকাতে গিয়ে প্রথমে ফিরলেন নাজীবউল্লাহ জাদরান (২)। ২ বল বিরতিতে শূন্য হাতে ফিরলেন মোহাম্মদ নবী (০)। তখন পরিষ্কার ফেবারিট মনে হচ্ছিল বাংলাদেশকেই।
১৭তম ওভারের প্রথম বলে লং অনে শামিউল্লাহ শেনওয়ারির ক্যাচটা ধরতে পারলেন না মাহমুদউল্লাহ। রুবেলের বলে সে বলটা চার হয়ে গেল। সেটাই ম্যাচের রূপ আরেকবার বদলে দিল। পরের ওভারে আবু জায়েদকে নিয়ে রীতিমতো খেললেন শেনওয়ারি। শেষ বলে ভুল এক শটে আউট হওয়ার আগেই দুই চার ও দুই ছক্কায় ২০ রান তুলে ফেলেছেন জায়েদের তৃতীয় ওভার থেকে। ৯ বলে ৮ রানে জীবন পাওয়া শেনওয়ারি শেষ পর্যন্ত আউট হলেন ১৮ বলে ৩৬ রান করে।
১৯তম ওভারে রুবেল দিলেন ১৩ রান। ২০তম ওভারের প্রথম দুই বলেই ছক্কা মারলেন সফিকউল্লাহ। তৃতীয় বলে বোল্ড যখন আউট হয়েছেন এই ব্যাটসম্যান, ততক্ষণে তিন শ স্ট্রাইক রেট হয়ে গেছে তাঁর (৮ বলে ২৪ রান, ১ চার ও ৩ ছক্কা)। শেষ ওভারেও ১৯ রান তুলেছে আফগানিস্তান। এক ওভারে মাত্র ১ রান দিয়ে উইকেট পাওয়ার পরো আরেক ওভার করানো হয়নি মাহমুদউল্লাহকে।
