ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয় ঘটেছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় ৩২০ রান করা বাংলাদেশ এবার গুটিয়ে গেল ৮২ রানে। ইনিংসের অর্ধেক ওভারও খেলতে পারেনি টাইগাররা। ২৪ ওভারে তাঁরা অলআউট হয়েছে তারা!ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০২ সালে কলম্বোয় স্বাগতিকদের বিপক্ষে ৭৬ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।
চার বছর পর ওয়ানডেতে আবারও এক শ–র নিচে অলআউট হলো বাংলাদেশ। ২০১৪ সালের ২২ অাগস্ট ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ এক শ–র নিচে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। ঘরের মাটিতেও চার বছর পর এ লজ্জা পেল বাংলাদেশের ব্যাটিং অর্ডার।
আজকের বিপর্যয়ে মুশফিক ও সাব্বির ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেনি। সর্বোচ্চ ২৬ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ সাব্বিরের স্কোর ১০! অথচ এ ম্যাচে শ্রীলঙ্কাকে এতটুকু ছাড় না দেওয়ার প্রত্যয় ছিল বাংলাদেশ দলের।
সেই ভেঙে পড়ার শুরুটা এনামুলের হাত ধরে। তৃতীয় ওভারে রানের খাতা খোলার আগেই সুরঙ্গা লাকমলের বলে প্লেড অন হয়ে ফিরেছেন এ ওপেনার। এ নিয়ে টানা চার ম্যাচে মোটেও ভালো করতে পারলেন না এনামুল। দ্বিতীয় উইকেটে সাকিব–তামিমের জুটি টিকেছে মাত্র ১৩ বল! ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন সাকিব(৮)। এরপর ৩৪ রানের মধ্যে তামিম এ মাহমুদউল্লাহকেও হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাকিব আউট হওয়ার এক বল পরই এক বল পরই ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে গুনাতিলোকার দুর্দান্ত ক্যাচে পরিণত হন তামিম (৫)। ১১তম ওভারে সুরঙ্গা লাকমলের বাউন্সার হুক করতে গিয়ে ফাইন লেগে দুশ্মন্ত চামারার তালুবন্দী হন মাহমুদউল্লাহ (৭)।
চরম বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে মুশফিক–সাব্বিরের ব্যাটে তাকিয়ে ছিল বাংলাদেশ দল। কিন্তু অস্থিরতার পরিচয় দিয়ে দ্রুতই ফিরে যান সাব্বির। ১৭তম ওভারে থিসারা পেরেরাকে মিড অনে তুলে মারতে গিয়ে শেহান মাদুশঙ্কার তালুবন্দী হন। তার অাগে পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে গড়েছেন বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ২৩ রানের জুটি। মুশফিক তখন এক প্রান্তে নিঃসঙ্গ শেরপা। তাঁর ধৈর্য্যে কুলোয়নি। দলীয় ৭৯ রানে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও। ১১ রানের তুলতে বাংলাদেশ হারিয়েছে শেষ ৫ উইকেট!
বাংলাদেশের ব্যাটিং অর্ডার আজ এতটাই ভঙ্গুর ছিল যে, ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বনিম্ন স্কোর গড়ার শঙ্কা পেয়ে বসেছিল। তা না হলেও শেরেবাংলা স্টেডিয়ামে পঞ্চম সর্বনিম্ন স্কোরের লজ্জা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম তিনটি সর্বনিম্ন স্কোরই স্বাগতিকদের!
ব্যাটিংয়ে তালগোল পাকানো বাংলাদেশ বোলিংয়ে ভালো শুরু পায়নি। ৮৩ রানের লক্ষ্য তাড়ায় ৫ ওভারে ৩৪ রান তুলে ফেলেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার উপুল থারাঙ্গা ও দানুশকা গুনাথিলকা।
নাসির হোসেনের করা পঞ্চম ওভারে তামিম ইকবালকে দুরূহ সুযোগ দিয়ে বেঁচে যান থারাঙ্গা। একটি ছক্কায় ১৫ রানে ব্যাট করছেন তিনি। ফিল্ডিংয়ে দারুণ একটি দিন কাটানো গুনাথিলকা খেলছেন তিনটি চারে ১৭ রান নিয়ে।
শেষ পর্যন্ত কোন উইকেট না হারিয়ে ১১ ওভার পাঁচ বলে ৮৩ রান করে জয় পায় শ্রীলঙ্কা।
