বাংলাদেশ ব্যাংকের সমীক্ষার আওতায় থাকা যৌথ এবং শতভাগ বিদেশি বিনিয়োগের বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান রয়েছে ২ হাজার ৪০০টি। এর মধ্যে সমীক্ষায় সাড়া দেয়া প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৭০০।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, ২০১৭ সালে দেশে নিট এফডিআইয়ে শীর্ষ ২০ প্রতিষ্ঠানের অংশ ছিল ৪৮ দশমিক ৫৯ শতাংশ। কয়েক বছর ধরে দেশে গড়ে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসছে। ২০১৬ সালেও সব মিলিয়ে এফডিআই প্রবাহ ছিল ২৩৩ কোটি ডলার। তবে গত বছর এ প্রবাহ খানিকটা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০১৭ সালে দেশে এফডিআই এসেছে ২১৫ কোটি ডলার, যার প্রায় ৫০ শতাংশই ২০ প্রতিষ্ঠানের। এর মধ্যে নতুন কোনো প্রতিষ্ঠান নেই। সবই বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী পুরনো প্রতিষ্ঠান। এদের মাধ্যমে যে এফডিআই এসেছে, তাও তাদের মুনাফার পুনর্বিনিয়োগ ও আন্তঃপ্রতিষ্ঠান ঋণ হিসেবে।
সমীক্ষার ফলাফল অনুযায়ী, ২০১৭ সালে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ২১৫ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার। এর মধ্যে নিট নিজস্ব মূলধন প্রবাহ ৫৩ কোটি ৮৯ লাখ ডলার।
এছাড়া পুনর্বিনিয়োগ প্রবাহ ছিল ১২৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার ডলার। আর আন্তঃপ্রতিষ্ঠান ঋণপ্রবাহ ৩৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার ডলার। এ হিসাবে মোট এফডিআইয়ের ৫৯ দশমিক ৪৬ শতাংশই প্রতিষ্ঠানের আয়ের পুনর্বিনিয়োগ।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানমতে, ২০১৭ সালে সবচেয়ে বেশি এফডিআই প্রবাহ ছিল টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান নরওয়েভিত্তিক টেলিনরের প্রতিষ্ঠান গ্রামীণফোনের। গত বছর প্রতিষ্ঠানটির নিট এফডিআই ছিল ১৯ কোটি ৩ লাখ ২০ হাজার ডলার।
গত বছর দ্বিতীয় সর্বোচ্চ নিট এফডিআই প্রবাহ ছিল শেভরন বাংলাদেশ লিমিটেডের। ২০১৭ সালে এ প্রতিষ্ঠানের এফডিআইয়ের পরিমাণ ছিল ৯ কোটি ৪০ লাখ ডলার। ২০১৭ সালে তৃতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যভিত্তিক ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড। গত বছর ব্যাংকটির নিট এফডিআই প্রবাহ ছিল ৯ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। গত বছর চতুর্থ সর্বোচ্চ এফডিআই প্রবাহ নিয়ে আসা প্রতিষ্ঠান ফুড অ্যান্ড অ্যালাইড খাতের বিএটিবিসি। তাদের এফডিআই প্রবাহের পরিমাণ ৭ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ডলার।
পঞ্চম সর্বোচ্চ এফডিআই নিয়ে আসা প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ খাতের ইডটকো বাংলাদেশ কো.। প্রতিষ্ঠানটির এফডিআই প্রবাহ ছিল ৬ কোটি ৫২ লাখ ৯০ হাজার ডলার।
সর্বোচ্চ এফডিআই প্রবাহ নিয়ে আসা ষষ্ঠ প্রতিষ্ঠানটি বিদ্যুৎ খাতের সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লি.। বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানটির গত বছর এফডিআই প্রবাহ ছিল ৬ কোটি ৩৯ লাখ ২০ হাজার ডলার।
বিদেশি বিনিয়োগকারী শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে ব্যাংকিং খাতের কমার্শিয়াল ব্যাংক অব সিলন। ২০১৭ সালে ব্যাংকটির এফডিআই প্রবাহ ছিল ৫ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার।
অষ্টম প্রতিষ্ঠান উৎপাদন খাতের জিপার প্রস্তুতকারক ওয়াইকেকে বাংলাদেশ প্রা. লি.। গত বছর প্রতিষ্ঠানটির এফডিআই প্রবাহ ছিল ৫ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার।

সর্বোচ্চ এফডিআই প্রবাহ নিয়ে আসা নবম প্রতিষ্ঠানটি ব্যাংকিং খাতের হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লি. (এইচএসবিসি)। গত বছর ব্যাংকটির এফডিআই প্রবাহের পরিমাণ ছিল ৪ কোটি ১৫ লাখ ডলার।
সর্বোচ্চ নিট এফডিআই প্রবাহ নিয়ে আসা দশম প্রতিষ্ঠানটি চামড়া ও চামড়াপণ্য খাতের জিন চ্যাং সুজ (বিডি) লি.। ২০১৭ সালে প্রতিষ্ঠানটির নিট এফডিআই প্রবাহের পরিমাণ ছিল ৩ কোটি ৫৮ লাখ ৯০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী নিট এফডিআই প্রবাহে শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে ১১ থেকে ২০তম অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে- আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কো. লি., স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, সামিট করপোরেশন লিমিটেড, অ্যামিগো বাংলাদেশ লি., মেঘনাঘাট পাওয়ার লি., কনজিউমার নিটেক্স লি., তিতাস স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ লি., বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিকস লি., ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস (বিডি) প্রা. লি. ও ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কো. লি.।
আরও পড়ুন;
