শুক্রবার নতুন বাজেট পাস না হওয়ায় মার্কিন সরকারের কেন্দ্রীয় অর্থায়ন স্থগিত হয়ে পড়েছে। গভর্নমেন্ট শাটডাউন নামে এ অচলাবস্থার কারণে গতকাল মার্কিন শেয়ারবাজার, এশীয় ইকুইটি ও ডলারে সামান্য পতন দেখা গেছে। অভিবাসন কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধে সরকারে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এশিয়ার শেয়ারবাজারেও মার্কিন সরকারে অচলাবস্থার প্রভাব পড়েছে। গত সপ্তাহে নতুন রেকর্ড গড়ার পর সূচকগুলো কিছুটা স্তিমিত হয়ে পড়েছে। গতকাল জাপান বাদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিস্তৃত এমএসসিআই সূচকে দশমিক ১ শতাংশ এবং একই সময় জাপানের নিক্কেই সূচকে দশমিক ১৫ শতাংশ পতন দেখা গেছে। গতকাল সকালের লেনদেনে ওয়াল স্ট্রিটের প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ মিনি ফিউচারস দশমিক ১ শতাংশ নিচে নেমে গেছে। এছাড়া মার্কিন বন্ডের দরপতন ঘটতে দেখা গেছে। যার ফলে ১০ বছর মেয়াদি মার্কিন বন্ডের বেঞ্চমার্ক ইল্ড ২ দশমিক ৩৭২ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
এদিকে দুদিনের অচলাবস্থা নিরসনে রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেট নেতারা রোববার এক আলোচনায় বসেন। কিন্তু তাদের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় আপত্কালীন অর্থায়ন নিয়ে গতকাল দুপুরে একটি সিনেট ভোটের আয়োজন করার কথা। যার অর্থ মার্কিন বাজার খোলার সময়ও কেন্দ্রীয় সরকার বন্ধ থাকছে।
স্বল্পমেয়াদি সরকার ব্যবস্থায় অচলাবস্থা অর্থনীতিতে সামান্য প্রভাব রাখবে বলেই অনেকে মনে করছেন। কিন্তু বিশ্লেষকরা জানান, ওয়াশিংটনে একটি দীর্ঘমেয়াদি অচলাবস্থা মার্কিন সম্পদে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত করতে পারে। জেপি মরগান সিকিউরিটিজের জাপানের ফিক্সড ইনকাম গবেষণার প্রধান তাকাফুমি ইয়ামাওয়াকি বলেন, বাজারে এ ধরনের শাটডাউন প্রত্যাশিত ছিল না। চলতি বছরের শুরু থেকেই যেখানে মার্কিন শেয়ারদর শক্তিশালী অবস্থায় রয়েছে, সেখানে এ ঘটনা বাজার প্রবণতায় পরিবর্তন ঘটায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। তিনি উল্লেখ করেন, এর আগে এ ধরনের গভর্নমেন্ট শাটডাউনের সময় কার্যক্রম বন্ধ হওয়ার প্রথম কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন বন্ডের ইল্ডে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এর আগে ১৯৯৫ সালে দুবার ও ২০১৩ সালে একবার যুক্তরাষ্ট্রে গভর্নমেন্ট শাটডাউনের ঘটনা ঘটেছিল।
যুক্তরাষ্ট্র সরকারের এ পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা বিনিময়ের বাজারে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলার সূচক গত সপ্তাহের শেষের চেয়ে প্রায় দশমিক ২ শতাংশ নিচে নেমে ৯০ দশমিক ৪৬৫-এ দাঁড়িয়েছে, যা গত বুধবার তিন বছরের সর্বনিম্নে পৌঁছানো ৯০ দশমিক ১০৪-এর কাছাকাছি রয়েছে।
তবে গতকাল দশমিক ৪ শতাংশ ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু করেছে ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরো। গতকাল ১ ইউরোর বিপরীতে ১ দশমিক ২২৭৫ ডলার লেনদেন হতে দেখা গেছে। তবে তা এখনো বুধবারে পৌঁছানো তিন বছরের সর্বোচ্চ ১ দশমিক ২৩২৩ ডলারের নিচেই রয়েছে। এদিকে রোববার জামার্নির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের কনজারভেটিভ দলের সঙ্গে দেশটির সোস্যাল ডেমোক্র্যাটদের (এসপিডি) জোট সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিক আলোচনার শুরুও অভিন্ন মুদ্রাটির মান বৃদ্ধিতে সহায়তা করেছে। রোববার এ আলোচনা শুরুর পর ইউরোপের অর্থনৈতিক পরাশক্তিটি দীর্ঘ কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে একটি স্থিতিশীল সরকার গঠনের কাছাকাছি পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে।
ইউরোর পাশাপাশি গতকাল সুইস ফ্রাঁ দশমিক ২ শতাংশ বেড়ে ১ ডলারের বিপরীতে দশমিক ৯৬২৭তে লেনদেন হয়েছে। জাপানি ইয়েনের মান সামান্য বেড়েছে। ডলারের বিপরীতে ১১০ দশমিক ৭৮ ইয়েন লেনদেন হতে দেখা গেছে। এছাড়া স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৩৪ দশমিক ৫ ডলার হয়েছে।
