টেস্ট ক্রিকেট তার জৌলুস হারাচ্ছে প্রতিনিয়ত। আধুনিক যুগে কেউ আর পাঁচ দিনের ক্রিকেটে সময় ব্যয় করতে চায় না। টি-টোয়েন্টির ধুমধারাক্কা ক্রিকেট যেন সব আলো কেড়ে নিয়েছে। আর আলো হারিয়ে অন্ধকারে কফিনে নিজের অন্তিম যাত্রার অপেক্ষা করছে ক্রিকেটের মর্যাদাপূর্ন ফরমেট টেস্ট ক্রিকেট।
টেস্ট ক্রিকেট যেন এভাবে রঙ হারিয়ে না ফেলে, সেই চেষ্টাই করছে আইসিসিসহ ক্রিকেটের প্রবীণ সদস্যরা। ইতিহাসে প্রথম টেস্ট খেলা অস্ট্রেলিয়াও পিছিয়ে নেই। তারাও টেস্ট ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। আর সে কারণেই প্রতিটি সিরিজে অন্তত একটি করে দিবারাত্রির টেস্ট আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গেলেই যেন, ফ্লাড লাইটের আলোয় সাদা পোশাকে গোলাপী বলে লড়তে হবে।
ভারত অস্ট্রেলিয়া সফরে যাবে কিছুদিন পর। স্বভাবতই ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছিল দিবারাত্রির একটি টেস্টের জন্য। কিন্তু সরাসরি ‘না’ বলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই বিষয়টিই কিছুতেই মানতে পারছেন না সদ্য অস্ট্রেলিয়া দলের নির্বাচকের দায়িত্ব থেকে অব্যহতি নেয়া মার্ক ওয়াহ। টেস্ট ক্রিকেটটা বাঁচানোর দাবি যখন বিশ্বজুড়ে, তখন ভারতের এমন সিদ্ধান্তকে স্বার্থপরতা মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘ভারতের এই সিদ্ধান্তকে কিছুটা স্বার্থপরতা বলা যায়। কারণ আমাদের টেস্ট ক্রিকেটটা পুনরুজ্জীবিত করার চেষ্টা করতে হবে। টেস্ট ক্রিকেটটা যেখানে থাকা উচিত, সেখানে নেয়ার জন্য কয়েকটি দেশে দিবারাত্রির টেস্ট রাখা ভালো একটি উপাদান।’
ওয়াহ আরো বলেন, ‘দিবারাত্রির টেস্টে তাদের দল ভালোভাবেই মানিয়ে নেয়ার কথা। তারা এখন শুধু স্পিনারদের উপর আর নির্ভর করছে না, দলে বেশ কয়েকজন ভালোমানের ফাস্ট বোলার আছে। তাদের ব্যাটসম্যানরাও কৌশলগত দিক থেকে সামর্থ্যবান। তাই খেলাটার ভালোর জন্য তাদের দিবারাত্রির টেস্টে দেখলেই আমি খুশি হতাম।’
বর্তমান ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যুগে লম্বা সময় ধরে ক্রিকেটে আগ্রহ নেই কারো। রি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের পরিচিতি এসেছে ভারতের হাত ধরেই। আজকাল অনেক ক্রিকেটারকেই দেখা যায় আগেভাগেই সাদা পোশাককে বিদায় জানিয়ে টাকার ঝনঝনানিযে নিজেকে সঁপে দিতে। এতে হুমকিযে পড়ছে ক্রিকেটের ইতিহাস-ঐতিহ্য।
মার্ক ওয়াহ মনে করেন, প্রবীণ দেশ হিসেবে ভারতের উচিত ক্রিকেটের রক্ষণাবেক্ষণে এগিয়ে আসা।
