ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ



ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ৭ হাজার ৭৪৮ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ।

আজ বৃহস্পতিবার মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সহিদুজ্জামানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব তথ্য জানান।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বানিজ্যমন্ত্রী জানিয়েছেন দেশটির সঙ্গে বাংলাদেশের ৮৭৩ দশমিক ৩ মিলিয়ন ডলার রফতানির বিপরীতে আমদানির পরিমাণ ৮ হাজার ৬২১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।

মন্ত্রী জানান, সার্কভুক্ত অন্য দেশগুলির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে ৪৭১ দশমিক ৪ মিলিয়ন ডলার, ভুটানের সঙ্গে ২৭ দশমিক ৯ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কার সঙ্গে ১৬ দশমিক ২ মিলিয়ন ডলার, মালদ্বীপের সঙ্গে ১২ দশমিক ৯ মিলিয়ন ডলার ও আফগানিস্তানের সঙ্গে ২ মিলিয়ন ডলার।