মরক্কো থেকে ব্যবসা তুলে নিচ্ছে উবার



উবার উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। দেশটির বিদ্যমান পরিবহন আইন মানতে গিয়ে উবার কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার উবার এ তথ্য জানিয়েছে।
উবার এর আগে নরওয়ে ও ফিনল্যান্ডে তাদের কার্যক্রম বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি নানা সময়ে বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা, নিয়ন্ত্রণ ও প্রতিবাদের মুখে পড়েছে। এর মূল কারণ উবার এসব দেশের বিদ্যমান ট্যাক্সি সেবার বাজার দখল করেছে।
উবার এক বিবৃতিতে জানায়, দুই বছরের বেশি আগে মরক্কোয় সেবা কার্যক্রম চালু করা হয়। তখন থেকেই দেশটিতে উবারের প্লাটফর্ম ঘিরে স্পষ্টতার ঘাটতি ছিল।
উবার কর্তৃপক্ষ সমস্যা সমাধানের লক্ষ্যে মরক্কোর নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করেছেন। তবে এখন পর্যন্ত আলোচনা ফলপ্রসূ হয়নি। এ কারণে দেশটি থেকে ব্যবসা গুটানোর ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। আগামী শুক্রবার দেশটির ক্যাসাব্লাংকাতে উবার সেবা কার্যক্রম বন্ধ হচ্ছে। উবারের পক্ষ থেকে বলা হয়, আইন পরিবর্তন হলে সেবা কার্যক্রম পুনরায় চালু করা হবে।
মরক্কোয় বর্তমান আইনে চিরাচরিত ট্রাক্সি চালানোর অনুমতি রয়েছে। এ বাদে বেসরকারি ভাড়াকৃত গাড়ি চালানোর অনুমতি নেই।
প্যারিস ও ব্রাসেলসের মতো বেশ কয়েকটি ইউরোপীয় শহরে অপেশাদার চালকদের মাধ্যমে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে উবার। তবে লাইসেন্সধারী চালকদের মাধ্যমে এসব শহরে কার্যক্রম চালু রেখেছে প্রতিষ্ঠানটি।