মোসাদ্দেক ফিরছেন, বাদ তাসকিন-ইমরুল




ফিরছেন মোসাদ্দেক, কথাটাই যেন স্বস্তি দেওয়ার মত। কোন এক অজানা কারণে বাদ পড়েছিলেন দল থেকে। কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন কয়েকদিন আগে। সেই মোসাদ্দেক ফিরছেন আবার। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ১৫ সদস্যের দলে আছেন তিনি।
আসছে আফগানিস্তান সিরিজকে সামনে রেখে রবিবার সাকিব আল হাসানকে অধিনায়ক করে আজ (সোমবার) ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ নিদাহাস ট্রফির স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার ব্যাটসম্যান ইমরুল কায়েস, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ও পেসার তাসকিন আহমেদ বাদ পড়েছেন আসন্ন এ সিরিজের দল থেকে।
চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক হোসেন। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও চোখের ইঞ্জুরিতে পড়ে ছিটকে যেতে হয় তাকে। তারপর চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলেন। এরপর জাতীয় দলের বাইরেই সময় পার করতে হয় ২২ বছর বয়সী এ ব্যাটসম্যানকে। অবশেষে অপেক্ষার ইতি টেনে আবারও টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে ফিরলেন ৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলা মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো যথাক্রমে আগামী মাসের ৩, ৫ ও ৭ তারিখে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময়ানুযায়ী রাত ৮.৩০ মিনিটে। এই সিরিজকে সামনে রেখে চলতি মাসের ২৯ তারিখ ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি এবং আবু জায়েদ রাহি।