যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ নামে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। শুক্রবার (০৩ জুলাই) ফ্লোরিডায় এক ব্যক্তি বিরল এই অ্যামিবায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, এককোষী মুক্তজীবী এই প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়। ১৯৬২ সাল থেকে ফ্লোরিডায় অ্যামিবার ৩৭টি ঘটনার কথা শোনা গেছে।
‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ পানির মাধ্যমে ছড়ায়। মস্তিষ্কে ঢুকে স্নায়ু ধ্বংস করে ফেলে। নদী, পুকুর, হ্রদ ও ঝরনার পানি যেখানে উষ্ণ, সেখানে এ ধরনের অ্যামিবা বাস করে। এ ছাড়া শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন মাটি ও সুইমিংপুলেও এ ধরনের অ্যামিবার দেখা মেলে।
এ ধরনের অ্যামিবা মস্তিষ্কে ঢুকে পড়লে মারাত্মক কোনো উপসর্গ দেখা যায় না। প্রাথমিক অবস্থায় লক্ষণ থাকে হালকা মাথাব্যথা, ঘাড়ব্যথা, জ্বর ও পেটব্যথা।
মারাত্মক ক্ষতিকর এই অ্যামিবা থেকে দূরে থাকতে সাঁতারের সময় বিশেষ সাবধানতা অবম্বলন করতে বলেছেন ফ্লোরিডার বিজ্ঞানীরা। নাক দিয়ে যেন কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: সিএনএন

