রাজধানীতে একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩২ মিনিটের দিকে দিলু রোডের ৩৫৪ নং বাসার গ্যারেজে অগ্নিকাণ্ডটি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় দগ্ধ দুজনসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও নিহতদের মধ্যে শিশু ছাড়াও একজন নারীও রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, হাসপাতালে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ সার্ভিস সেন্টারে ভর্তি আছেন তিনজন। তারা হলেন সুমাইয়া আক্তার (৩২), তার ছেলে মাহাদী (৯) ও মাহমুদুল হাসান (৯ মাস)।
তিনি জানান, দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ আরেকজন শহিদুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫)। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

