রাত পোহালেই নতুন দিনে আয়ারল্যান্ড




২০০০ সালের কথাটা মনে পড়ে খুব। ২৬ জুন, ভারতের বিপক্ষে সেই যে মাঠে নামা। সাদা পোশাকে বাংলাদেশ নতুন ইতিহাস গড়েছিল। টেস্ট পরিবারের দশম সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ আজ ক্রিকেট বিশ্বে নিজেদের রং ছড়াচ্ছে। আজ এত দীর্ঘ সময় পরও সেদিনের কথা মনের কোণে ঠাঁই নিয়ে আছে। টুকরো টুকরো স্মৃতি আজ স্মৃতির পাতায় কড়া নাড়ে।
হাবিবুল বাশারকে কোনো এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, সেদিনের অনুভূতি সম্পর্কে। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, সেদিনের প্রথমের প্রতিটি মুহূর্ত মনে থাকে। এ যে এক নতুন অভিজ্ঞতা! যা কিছু প্রথম, সে প্রথমের স্মৃতিগুলো আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখে।
এই প্রথমের রোমাঞ্চের সামনে দাঁড়িয়ে আয়ারল্যান্ড। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে প্রথমবার মাঠে নামবে তারা। ২০০০ সালে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার পর দীর্ঘ আঠারো বছর কোনো দলই আইসিসির পূর্ন সদস্য হতে পারেনি। অবশেষে সার্বিক পারফরম্যান্স ও যোগ্যতা বিবেচনায় আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে দেওয়া হয় টেস্ট মর্যাদা।
আফগানিস্তানের অপেক্ষা জুন পর্যন্ত হলেও আগামীকাল নিজেদের মাঠে টেস্টের এগারো নম্বর সদস্য হিসেবে মাঠে নামছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ক্রিকেটে নতুন এক দিনের সূচনা হচ্ছে কাল থেকেই।
হয়ত বাংলাদেশের মতই আয়ারল্যান্ডও উত্তেজনায় টগবগ করছে। প্রথমের সবকিছুই যে বিশেষভাবে লেখা হয়। কাল সেই ইতিহাসের সাক্ষী হবে আয়ারল্যান্ডের ডাবলিন। ডাবলিনের দ্যা ভিলেজ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ও একমাত্র টেস্টের জন্য আয়ারল্যান্ড দলে রয়েছেন, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, এড জয়েস, ট্রায়োন কেন, অ্যান্ডি ম্যাকব্রাইন, টিম মুরতাগ, কেভিন ও’ব্রায়েন, নিয়াল ও’ব্রায়েন, বয়েড র্যাংকিন, নাথান স্মিথ, পল স্টার্লিং, জেমস শ্যানন, স্টুয়ার্ট থম্পসন ও গ্যারি উইলসন।
শুভকামনা রইলো আয়ারল্যান্ড ক্রিকেট দলের প্রতি। এগিয়ে যাক তাদের ক্রিকেট, এগিয়ে যাক আরো।