গ্যারেথ বেল মাঠে নেমেছিলেন ম্যাচের ৬০ মিনিটে। এরপর থেকেই বদলে যেতে থাকে রিয়াল মাদ্রিদের ভাগ্য। কেননা তার জোড়া গোলেই হ্যাটট্রিক শিরোপা রিয়াল মাদ্রিদের। যদিও এই জয়ে লিভারপুল গোলরক্ষক লরিস কারইউসের অবদানও নেহাত কম নয়।
মাঠে নামার তিন মিনিটের মধ্যেই গোল করেন গ্যারেথ বেল। শুধু একটি গোল বললে খুব কমই বলা হয়। অনবদ্য, অসাধারণ এক গোলে দলকে লিড এনে দেন এই স্টার। মার্সেলোর ক্রস তখন হওয়ায় ভাসতে ভাসতে লিভারপুলের ডি-বক্সে, ভাসলেন বেলও। উল্টোমুখী থেকে এক বাইসাইকেল কিক। বল যখন জালে, রিয়াল মাদ্রিদ ২-১ এর লিড নিয়ে এগিয়ে গেছে শিরোপার দিকে।
খেলা শেষ হওয়ার মিনিট সাতেক আগে এই বেলের দূরপাল্লার জোরালো শট ফিরিয়ে দিতে গিয়ে ভুল করলেন লিভারপুল গোলরক্ষক। বল হাতে লাগলো ঠিকই, কিন্তু ফিরলো না বল। জালের ঠিকানা খুঁজে নিয়ে স্বপ্ন ভেঙ্গে যেন চুরমার করে দিল ইংলিশ দলের। ৩-১ এ এগিয়ে জয় নিশ্চিত করে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এর আগেও ভুল করেছিলেন লিভারপুলের এই গোলরক্ষক। ৫১তম মিনিটে নিজেদের খেলোয়াড়কে পাস দিতে গিয়ে ভুলবশত বেনজেমার পায়ে বল তুলে দেন। যদিও এতে চালাকি ছিল এই ফরাসি স্ট্রাইকারের। চাপে রেখে লিভারপুলের জার্মান গোলরক্ষককে ভুল করতে বাধ্য করেন বেনজেমা। তবে তিনি কোনো ভুল করেন নি। গোল করে দলকে ১-০ এর লিড এনে দেন। এর চার মিনিট পরেই কর্ণার থেকে গোল করে ১-১ এর সমতা আনেন সাদিও মানে।
এরপর আর কিছুই করার ছিলনা ইংলিশ দল লিভারপুলের। বেলের জোড়া গোল স্বপ্ন ভঙ্গ হয়েছে, হাতের কাছে শিরোপা পেয়েও ছুঁয়ে দেখতে পারেনি। কেননা এই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছে লস ব্লাঙ্কসরা।
এর আগে প্রথম অর্ধ ছিল ঘটনা বহুল। শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চাপে রাখে লিভারপুল। আক্রমণে সালাহ-ফিরমিনোরা ছিল গোল দিতে মরিয়া। অন্যদিকে পাল্টা আক্রমণ চালিয়েছে রোনালদো-বেনজেমারাও। তবে গোল দিতে পারেনি কোনো দল।
এভাবেই এগিয়ে যাওয়া সময় থমকে দাঁড়ায় ৩০ মিনিটে। বল দখলের লড়াইয়ে মোহাম্মদ সালাহ ও সার্জিও রামোস। সালাহকে হ্যাঁচকা টান রামোসের। নিয়ন্ত্রণ হারিয়ে সালাহ’র পড়ে যাওয়া, তার বাম হাতের উপর পড়ে গিয়েছিলেন রামোস। ফলাফল ইনজুরি। চোখের অশ্রুতে মাঠ ছেড়েছেন, আর মাঠে নামতে পারেন নি। সালাহ’র সাথে করে যেন স্বপ্নও পিছু হটতে থাকে। সেখান থেকেই যেন ভাগ্য বিরূপ আচরন করা শুরু করে লিভারপুলের।
এর ঠিক পরেই মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের দানি কার্ভাহাল। দলকে আক্রমণে সাহায্য করতে গিয়ে লিভারপুল অর্ধে ইনজুরিতে পড়ে তিনিও অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন। কার্ভাহালের ইনজুরি প্রভাব না ফেললেও, সালাহ’র ইনজুরি খেলায় ভালোমতোই প্রভাব ফেলে। খেলার ছন্দ হারিয়ে যায় লিভারপুলের। ফলাফল গোল বঞ্চিত। প্রথম অর্ধ গোল শূণ্যই কাটে।
দ্বিতীয় অর্ধে বেলের জোড়া ও বেনজেমার গোলে জয় পায় রিয়াল। লিভারপুলের হয়ে গোল করে মানে। সালাহ’র ইনজুরি, লিভারপুল গোলরক্ষকের ক্ষমার অযোগ্য ভুল – তাতে থোড়াই কেয়ার আছে রিয়াল মাদ্রিদের। আরো একটি ফাইনাল জেতা হয়ে গেছে, হ্যাটট্রিক শিরোপা। শেষ পাঁচ বছরে চারবার। মাঝে একবার জিতেছিল বার্সেলোনা। স্পেনের বলয় থেকে ইউরোপ সেরার মুকুট ছিনিয়ে নিতে পারছে না কেউই। তাই আরো একবছরের জন্য এ শ্রেষ্ঠত্বের শিরোপা যাচ্ছে স্পেনেই।
