রুই মাছের কাবাব খেয়েছেন?




কাবাব খেতে কে না ভালবাসে! যারা মাংস খেতে পছন্দ করে না তারাও কাবাবকে না করতে পারে না। তবে মাংসের কাবাব তো অনেক খেয়েছেন। কিন্তু মাছের কাবাব খেয়েছেন?
সম্প্রতি ইলিশ মাছের কাবাব বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু রুই মাছের কাবাব খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে এখনই বানিয়ে নিন।
দেখে নিন এই কাবাব তৈরি করতে কি কি লাগছে;
উপকরণ
বড় রুই মাছের সেদ্ধ কিমা               দেড় কাপ
মালাই                                         ৩ টেবিল চামচ
মোজারেলা চিজ                           আধা কাপ
ঢাকাই পনির                                ৩ টেবিল চামচ
পেঁয়াজকুচি                                 আধা কাপ
আদাকুচি                                    ১ চা-চামচ
কাঁচা মরিচকুচি                           ২ চা-চামচ
পুদিনাপাতাকুচি                          ২ টেবিল চামচ
লবণ                                         পরিমাণমতো
ক্যাপসিকামকুচি                        ৩ টেবিল চামচ
পাউরুটি                                   ৩ স্লাইস
ব্রেডক্রাম                                    ২ কাপ
ডিম                                           ৩ টি
তেল                                          ভাজার জন্য
প্রণালি
পাউরুটির সাইড বাদ দিয়ে ছোট টুকরো করে মাছ দিয়ে মাখিয়ে নিন। ২ টেবিল চামচ তেল গরম করে কাঁচা মরিচ, আদা, পেঁয়াজ ঘিয়ে রং করে ভেজে নিন। এবার মাছ ও মালাই দিয়ে কিছুক্ষণ ভেজে ঠান্ডা করে নিন। পুদিনা, ক্যাপসিকাম, লবণ, ঢাকাই পনির দিয়ে মাখিয়ে পছন্দ মতো শেপ করে মোজারেলা চিজের পুর ভরে নিন। এরপর ডিমে ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে গরম ডুবো তেলে ভেজে পরিবেশন করুন রুই মাছের মালাই কাবাব।