রেফারির নিরপেক্ষতা চান বায়ার্ন কোচ




বায়ার্ন শিবিরে ম্যাচটা যুদ্ধের সামিল। প্রতিশোধ নেওয়ার এক লড়াইয়ে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ মহারণে রিয়াল মাদ্রিদ বায়ার্নের জন্য যেন এক দুঃস্বপ্নের নাম। ২০১২ সেমিফাইনালের প্রথম লেগ থেকে শুরু করে এ পর্যন্ত টানা ছয় ম্যাচে রিয়ালের কাছে হার। বায়ার্ন ও জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার তাই বলেছেন, :আমার মনে হয় রিয়ালের সামনে পড়লে বায়ার্ন কিছুটা হীনম্মন্যতায় ভোগে।’
ঘরের মাঠে ১-২ গোলে হেরে সান্তিয়াগো বার্নাব্যূ থেকে জিতে ফিরতে হলে অতিরিক্ত আত্মবিশ্বাস লাগবে। জিততে হলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। বায়ার্ন বেশ আত্মবিশ্বাসী। তাদের বেশি আশা জোগাচ্ছে কোয়ার্টার ফাইনালের জুভেন্টাস। রিয়ালের ঘরের মাঠে যারা এক রূপকথার জন্ম দিতে চলেছিল প্রায়। শেষ পর্যন্ত রিয়ালের জালে ৩ গোল পাঠিয়ে শেষ বাঁশির আগমুহূর্তে বিতর্কিত পেনাল্টি জুভেন্টাসকে হতাশায় পুড়িয়েছে।
তাইতো বায়ার্ন কোচ রেফারী চিন্তায় বিভোর। তাদের চিন্তাই যেন, রেফারি নিরপেক্ষ হলেই জিততে অসুবিধা হবে না। ‘এই মৌসুমে শুরুর দিকে আমাদের পিএসজি ম্যাচে তিনিই ছিলেন দায়িত্বে। ওই ম্যাচে দারুণ দায়িত্ব পালন করেছেন। ওনার কাছ থেকে আমরা যা প্রত্যাশা করি, নিরপেক্ষতা, ন্যায্য ও যথার্থ সিদ্ধান্ত। আমি এ ম্যাচে নিরপেক্ষ রেফারিং প্রত্যাশা করছি। আশা করব তাঁর কোনো কোনো সিদ্ধান্ত ম্যাচের ফলকে প্রভাবিত করবে না।’ রেফারী সম্পর্কে বায়ার্ন কোচের মত।
বায়ার্নও এমন অভিজ্ঞতার মুখে পড়েছিল গত চ্যাম্পিয়ন্স লিগে। আরতুরো ভিদালের বিতর্কিত লাল কার্ড আর রিয়ালের দুটি সন্দেহজনক অফসাইডের গোল বায়ার্নের পক্ষে যায়নি। মনস্তাত্ত্বিক খেলায় তাই একটু এগিয়ে থাকার চেষ্টা বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেসের।
জিততে হলে সান্তিয়াগো বার্নাব্যুতে ইতিহাস গড়তে হবে বায়ার্ন মিউনিখের। তবে এত কিছু চিন্তা করছেন না টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান। তিনি রিয়াল সমর্থকদের অনুরোধ করেছেন মাঠে এসে জোর সমর্থন দেওয়ার, ‘এটা বছরের সেরা ম্যাচ হতে পারে। বার্নাব্যুর আমাদের যেকোনো সময়ের চেয়ে বেশি সমর্থন লাগবে এই ম্যাচে।’
বাংলাদেশ সময় পৌনে একটায় শুরু হবে ফাইনালে যাওয়ার এ লড়াই।