মিয়ানমার থেকে সেনাবাহিনীর অত্যাচারের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের শিক্ষাদানে ১ হাজার ৩০০টির বেশি শিক্ষাকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কক্সবাজারের রোহিঙ্গা শিবির ও অস্থায়ী বসতিগুলোয় বর্তমানে মোট ১৮২টি শিক্ষাকেন্দ্র পরিচালনা করছে ইউনিসেফ। এসব শিক্ষাকেন্দ্রে লেখাপড়া করছে মোট ১৫ হাজার রোহিঙ্গা শিশু। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী বছরের মধ্যে রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত মোট শিক্ষাকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৫০০টিতে উন্নীত করবে ইউনিসেফ। এসব শিক্ষাকেন্দ্রে মোট দুই লাখ রোহিঙ্গা শিশুকে লেখাপড়া শেখানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বেইগবিডার বলেন, চলমান সংকটে অনেক দুর্ভোগ পার করে আসা এসব শিশুর জন্য নিরাপদ ও সুষ্ঠু বিকাশের মতো পরিবেশে শিক্ষার অধিকার নিশ্চিত করা জরুরি। শুধু তাদের দরকারি স্বাভাবিক প্রেক্ষাপট তৈরি নয়, বরং একই সঙ্গে সুষ্ঠু ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ দেয়ার জন্যই এটি এখন জরুরি হয়ে পড়েছে।
শিক্ষাকেন্দ্রগুলোয় চার-ছয় বছর বয়সী শিশুদের প্রাক-প্রাথমিক এবং ৬-১৪ বছর বয়সীদের জন্য মৌলিক অপ্রাতিষ্ঠানিক শিক্ষা দেয়া হবে। প্রতিটি শিক্ষাকেন্দ্রে শিক্ষাকার্যক্রম পরিচালনা করা হবে শিফটের ভিত্তিতে, যেখানে প্রতি শিফটে ৩৫ জন করে শিশুকে শিক্ষা দেয়া হবে।
এসব শিক্ষাকেন্দ্রে শিশুদের ইংরেজি, গণিত, বার্মিজ, বিজ্ঞান, কলা ও সংগীত শিক্ষা দেয়া হবে। এছাড়া তাদের মানসিক কাউন্সেলিংয়ের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জীবনের সংকটময় মুহূর্তের সঙ্গে খাপ খাইয়ে নেয়া ও ইতিবাচক মানসিকতা বজায় রাখার দিকগুলো সম্পর্কেও জ্ঞান দেয়া হবে।
