লিপ ইয়ার হওয়ার কারণ জানেন?


লিপ ইয়ার হওয়ার কারণ জানেন?

লিপ ইয়ার শব্দটির সাথে পরিচিত সবাই। তবে অনেকেই জানেন না লিপ ইয়ার বিষয়টা কি? যে বছর ফেব্রুয়ারি মাসে ২৯ দিন থাকে, সেই বছরটাকেই লিপ ইয়ার বলা হয়- আমরা অধিকাংশ মানুষ এটাই জানি।

চলুন জেনে নেই লিপ ইয়ারের গল্পটা :

আমরা জানি, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। এই প্রদক্ষিণ একবার সম্পন্ন হলেই এক বছর পূর্ণ হয়। সে হিসেবে পৃথিবী সূর্যকে ৩৬৫ দিনে একবার প্রদক্ষিণ করে বলেই অনেকের ধারণা।

কিন্তু পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ৩৬৫ দিনের কিছু বেশি সময় লাগে। এই সময়টা হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। অর্থাৎ, আমরা প্রতি বছরে কয়েক ঘণ্টা কম হিসাব করি।

এই বাড়তি কয়েক ঘণ্টা কোথায় যাবে? প্রতি চার বছরে আমাদের এই না হিসাব করা সময়টা মিলে প্রায় একদিন হয়ে যায়। এই বাড়তি দিনটাই হল ২৯ ফেব্রুয়ারি। আর এরকম বছরকেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ।

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে যেই বছরগুলো ৪ দিয়ে বিভাজ্য, সেগুলোই লিপ ইয়ার বা অধিবর্ষ। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ঠিক ৩৬৫.২৫ দিন নেয় না, কিছুটা কম সময় নেয়।

তাই চার বছর পর পর বছরে একদিন বেশি হিসাব করলে প্রতি চারশ বছরে তিনদিন বেশি হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪০০ দ্বারা নয়- তাদের লিপ ইয়ার হিসেবে গণনা করা হয় না।