সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। আরব আমিরাতে নিউজিল্যান্ডের সাথে সিরিজ হারের পর, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াসদের সাথে ধবল ধোলাই পাকিস্তান ক্রিকেটকে শঙ্কিত করে তুলেছে। এরই মাঝে সবচেয়ে শূন্য রানে আউট হওয়ার তালিকায় শীর্ষে পাকিস্তানের ব্যাটসম্যানরা।
গত তিন বছরে টেস্ট ক্রিকেটে সবগুলো দলের এক থেকে ছয় নাম্বার ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে বেশি শূন্য রানে আউট হওয়া দলের একটি তালিকায় সবার উপরে রয়েছে পাকিস্তানের নাম। ২৮ টেস্ট খেলে তাদের ৩৪ ব্যাটসম্যান শূণ্য রানে আউট হয়েছে। এর ঠিক পরেই শ্রীলঙ্কা। তাদের ব্যাটসম্যানরা ৩৪ ম্যাচ খেলে শূন্য রানে আউট হয়েছেন ৩৩ বার।
তিন নাম্বারে থাকা দক্ষিণ আফ্রিকা ৩২ ম্যাচে ৩১ বার, এবং চারে থাকা ভারত ৩৮ ম্যাচে শূন্য রানে আউট হয়েছে ২৮ বার। এর পরের তিন দল যথাক্রমে ইংল্যান্ড (৪০ ম্যাচে ২৭ জন), অস্ট্রেলিয়া (৩২ ম্যাচে ২৫ জন), উইন্ডিজ (২৬ ম্যাচে ২৪ জন)।
তালিকার আটে রয়েছে বাংলাদেশ। শেষ তিন বছরে মাত্র ১৯ টেস্ট খেলে বাংলাদেশের ২৩ জন ব্যাটসম্যান আউট হয়েছেন কোনো রান না করেই।
নবম ও দশম দল যথাক্রমে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। ২৫ টেস্ট খেলা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের সমান ২৩ বার এবং মাত্র ১০ টেস্ট খেলে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরার সংখ্যা ১৪।
