শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার রাজ্য সংসদ নির্বাচন


paperslife

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে (এনএসডব্লিউ) ৫৭তম রাজ্য সংসদ নির্বাচন শুরু হয়েছে। এতে বর্তমান লিবারেল ও ন্যাশনাল পার্টির  বিপক্ষে জয়ের জন্য লড়ছে প্রধান বিরোধী দল লেবার পার্টি।

দেশটির আসন্ন ৪৬তম জাতীয় নির্বাচনের আগে এটিই শেষ রাজ্য সংসদ নির্বাচন।  নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে। তবে ভোট দিতে এসে এক বৃদ্ধের আকস্মিক মৃত্যুর ঘটনায় রাজ্যের সেন্ট্রাল কোস্ট এলাকায় বুথ কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এতে সরকারি দলের হয়ে মুখ্যমন্ত্রীর আসনের জন্য লড়বেন বর্তমান মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। তাঁর বিরোধিতা করছেন লেবার পার্টির নেতা মাইকেল ডেলি।

অস্ট্রেলিয়ার শেষ রাজ্য নির্বাচন হওয়ার পাশাপাশি এনএসডব্লিউ রাজ্য নির্বাচন দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। মূলত, এই রাজ্যের নির্বাচনী ফলাফলকে ভিত্তি করে ধারণা করা হয় কোন দল গঠন করবে আসন্ন সরকার।

শনিবার স্থানীয় সময় সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়। শুরু থেকেই মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস ও বিপক্ষ নেতা মাইকেলসহ সব প্রার্থীই নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করছেন। ভোটারদের সঙ্গে দেখা করে নিজ দলের জন্য ভোট চাইতেও দেখা যায় তাঁদের।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে একটি নির্বাচনী এলাকায় গিয়েছেন।

রাজ্যের এই ৯৩টি আসনের মধ্যে জোট সরকারের দল লিবারেলে ৫২টি আসনে রয়েছে। চলতি নির্বাচনে লিবারেল যদি ৬টির বেশি আসনে হেরে যায় তবে ক্ষমতা ছাড়তে হবে। আর ক্ষমতায় আসতে বিরোধী দল লেবার পার্টির জিততে হবে ১৩টি আসনে বলে জানা গেছে।

এনএসডব্লিউ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ভোটারের সংখ্যা প্রায় ৫০ লাখ। ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়াও বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেট এবং টেলিফোনে আই-ভোট এবং ডাকযোগে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

এছাড়া, অস্ট্রেলিয়ায় নাগরিকদের ভোট প্রদান করা বাধ্যতামূলক। নির্বাচন কমিশন তথ্যমতে, আগাম ভোট দিয়েছেন ১০ লাখেরও বেশি ভোটার। তাঁদের বেশির ভাগই রাজ্য এবং দেশের বাইরে অবস্থান করছেন।

আজ স্থানীয় সময় বেলা ১টা পর্যন্ত আই-ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরের দিন ভোটের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।