বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচের আগে প্রধান সমস্যা বৃষ্টি। সেই শঙ্কার চেয়েও বাংলাদেশের শিবিরে এখন বড় দুশ্চিন্তার নাম সাকিব।
গত ৮ই জুন কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই চোটের কারণে নতুন করে দেখা গিয়েছে শঙ্কা, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত সাকিবের।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সোমবার (১০ জুন) ব্রিস্টলে অনুশীলন করে টাইগাররা। কিন্তু এদিন নেটে বোলিং কিংবা ব্যাটিং অনুশীলন করেননি সাকিব।
ম্যাচের দিন বৃষ্টির আশঙ্কা থাকলেও অনুশীলনে বৃষ্টির বাগড়া ছিল না। কিছুক্ষণ ওয়ার্ম আপের পর নেটের পাশে আয়েশি ভঙ্গিতে সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান এই অলরাউন্ডার।
সে সময়ই জানা যায় সাকিবের চোটের ব্যাপারে। জানা যায় যায়, ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় কুঁচকিতে চোট পেয়েছেন বাংলাদেশের সহ-অধিনায়ক। কুঁচকির ব্যথার কারণে অনুশীলন করেননি তিনি। বিশ্রামের মাধ্যমে ছোটখাটো ধরনের এই চোট সেরে গেলে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন সাকিব।
ব্যথা অনুভব করার পরপরই গত রবিবার (৯ জুন) ব্রিস্টলের একটি হাসপাতালে সাকিবের চোট পাওয়া জায়গায় স্ক্যান করান হয়।
সাকিবের এই ইনজুরি কতটা গুরুতর, সে ব্যাপারে খোলসা করেনি ম্যানেজমেন্ট। খেলার মত ফিট থাকলে সাকিবকে দেখা যাবে একাদশে। প্রথম তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেললেও আগামীকালের একাদশে পরিবর্তন আসছে অনেকটাই নিশ্চিত।
এক্ষেত্রে দেখা যেতে পারে লিটনকে। মোহাম্মদ মিথুনের পরিবর্তে তার অন্তর্ভুক্তি হতে পারে দলে। দলে সুযোগ পেতে পারেন রুবেল হোসেনও।
উল্লেখ্য, দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসান এখন পর্যন্ত বিশ্বকাপের এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৬০ রানে সবার উপরে আছেন তিনি।

