আগামী ৩১শে মে লর্ডসে অনুষ্ঠিত হবে উইন্ডিজ ও বিশ্ব একাদশের মধ্যকার একটি টি-টোয়েন্টি ম্যাচ। সেই দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে হুট করেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্ব একাদশের জন্য সাকিবের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। সাকিবের বদলি হিসেবে বিশ্ব একাদশের হয়ে লর্ডসে খেলার সুযোগ পেয়েছেন নেপালের ১৭ বছর বয়সী লেগ স্পিনার সন্দীপ ল্যামিচানে। বর্তমানে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলছেন নেপালের এই তরুণ ক্রিকেটার। কয়েকদিন আগে প্রথম ম্যাচ খেলে ফেলেছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন তিনি।
কয়েকদিন আগেই ওডিআই স্ট্যাটাস পেয়েছে নেপাল। যাতে এই ক্রিকেটারের অবদান অনেক। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকও করেছেন এই লেগি। প্রথমবারের মত বিশ্ব একাদশের হয়ে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই সদ্য ওডিআই স্ট্যাটাস পাওয়া দলের তরুণ এই সদস্য।
‘লর্ডস স্টেডিয়াম নিয়ে কিছু বলার নেই। সত্যি বলতে, সব ক্রিকেটারেরই স্বপ্ন লর্ডসে খেলার। ২০১৬ সালে সর্বশেষ খেলেছিলাম এখানে। আবার খেলতে যাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আমার স্কিলের উন্নতি এবং ক্রিকেট বিশ্বের মানচিত্রে নেপালের নাম উজ্জ্বল করতে সহায়তা পাবো।’
সেই সাথে বিশ্বের অন্যতম নামী ক্রিকেটারদের সাথে খেলার রোমাঞ্চ অপেক্ষা করছে ল্যামিচানের জন্য। এই অপেক্ষায় যেন তর সইছে না এই ক্রিকেটারের। তাদের কাছ থেকে শিখতে মুখিয়ে আছেন তিনি, ‘যাদেরকে সবসময় টিভিতে দেখতাম, তাঁদের সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করা, তাঁদের সঙ্গে অনুশীলন করা সত্যি দারুণ ব্যাপার আমার জন্য। ওদের কাছ থেকে অনেক কিছুই শেখার থাকবে আমার যা কিনা আমার ক্রিকেট ক্যারিয়ারে কাজে দিবে।’
ঠিক কি কারণে নাম প্রত্যাহার করেছেন, তা খোলসা করে বলেন নি বিশ্বের সেরা এই অলরাউন্ডার। তবে সাকিব জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই নাম প্রত্যাহার করেন। তবে সাকিবের পরিবর্তে সুযোগ পাওয়া ল্যামিচানের জন্য অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতা।
