দুর্দান্ত সাকিবে জিতেছে হায়দ্রাবাদ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নিজের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাকিব আল হাসান। মি. অলরাউন্ডারের অলরাউন্ডার পারফরম্যান্সে ভর করে এবারের আসরে টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের উপর চড়ে বসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
সাকিবের দুর্দান্ত খেলা সস্তি এনে দেয়। এদেশের ক্রিকেট প্রেমীদের মনে শান্তির ছোঁয়া বুলিয়ে যায়। কিন্তু, গতকাল সাকিবের এমন পারফরম্যান্সের পরও ক্ষোভ ঝরছে এদেশের ক্রীড়াপ্রেমীদের মনে। তার অবশ্য যৌক্তিক কারণ আছে বৈকি। এমন অসাধারণ নৈপুণ্য দেখানোর পরও কেন সাকিব আল হাসানকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হলো না, এই নিয়ে চর্চা চলছে সর্বত্র।
প্রথমে ফিল্ডিং করা হায়দ্রাবাদের হয়ে ৪ ওভার বল করা সাকিব আল হাসান তুলে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। খরচ করেছেন মাত্র ২১ রান। ইকোনমি রেট ৬ এর নিচে। এর মধ্যে তুলে নিয়েছেন গত ম্যাচে অর্ধশতক পাওয়া সুনীল নারাইনের উইকেট এবং এই ম্যাচে অসাধারণ খেলা ক্রিস লিনের উইকেট।
৪৯ রান করা ক্রিস লিনকে ফেরাতে এক হাতে দুর্দান্ত এক ক্যাচ ধরেন সাকিব। ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করেছেন। ২১ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। ৫৫ রানে ৩ উইকেট হারানো সানরাইজার্স হায়দ্রাবাদকে টেনে তুলতে কেন উইলিয়ামসনের সাথে ৫৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
এত কিছুর পরেও ম্যাচ সেরা পুরস্কার পান বিলি স্টানলেক। যার বোলিং পারফরম্যান্স ৪ ওভারে ২১ রানে ২ উইকেট, যা সাকিবের সমান। তিনি ব্যাট হাতে নামেননি, কোনো ক্যাচ ধরে ফিল্ডিংয়ে অবদান রাখেননি। তারপর সে কেন ম্যাচ সেরার পুরস্কার পেল এখনো ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
৪ ওভার ২১ রানে ২ উইকেট, ২১ বলে ২৭ রান, এক হাতে দুর্দান্ত ক্যাচ, ক্রিস লিন ও সুনীল নারাইনের মত ব্যাটসম্যানদের উইকেট তুলে নেওয়া – নিশ্চিতভাবেই সাকিব আল হাসান-ই এই ম্যাচের সেরা হওয়ার যোগ্য। তবে কি অবিচার করা হয়েছে সাকিবের সাথে?
