করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কর্মসূচী টেলিভিশনের মাধ্যমে নেওয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সেই পাঠদান কর্মসূচীর রুটিন প্রকাশ করা হয়েছে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ বিষয়ে বলেন, আগামী রবিবার (২৯ মার্চ) থেকে সংসদ টেলিভিশনে এই ক্লাস নেওয়া হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে বিষয়ভিত্তিক শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে।
শুক্রবার (২৭ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিনে বলা হয়েছে আজ রবিবার ২৯/০৩/২০২০ তারিখ সকাল ৯.০০ টা থেকে সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হবে।



প্রকাশিত রুটিনে বলা হয়েছে পরবর্তী সপ্তাহের রুটিন মাউশির ওয়েবসাইটে ১ এপ্রিল প্রকাশ করা হবে।
মাউশি সূত্রে জানা গেছে, পরীক্ষামূলকভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করে দেখা হয়েছে। সপ্তাহে ৩৫টি ক্লাস প্রচারিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস চলবে।
মাউশি সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কারিগরি সহায়তায় মাধ্যমিক শিক্ষা স্তরের এই অ্যাকাডেমিক কার্যক্রম প্রচারের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), মোবাইল ফোন কোম্পানি রবি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্টুডিওতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের পাঠদান রেকর্ডিং করা হচ্ছে।
পেপার’স লাইফ/নিউজ/জাতীয়

