সিলেটে প্রথম আন্তর্জাতিক নিলামে ১২ কোটি টাকার চা বিক্রি



সিলেট অঞ্চলের ১৩৫টি বাগান থেকে বছরে প্রায় ছয় কোটি কেজি চা উত্পাদন হয়। দেশের সিংহভাগ চা উত্পাদন হলেও এতদিন পানীয় পণ্যটি বিক্রির ব্যবস্থা ছিল না এ অঞ্চলে। চট্টগ্রামের আন্তর্জাতিক নিলাম কেন্দ্রে নিয়ে গিয়ে বিক্রি করতে হতো সিলেটের চা। ফলে পরিবহন-সংক্রান্ত ঝামেলার পাশাপাশি দাম বেড়ে যেত পণ্যটির।
এ সমস্যা সমাধানে ‘চায়ের রাজধানী’ খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র চালু করা হয়। গতকাল এ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তর্জাতিক নিলাম। প্রথম নিলামে প্রায় ১২ কোটি টাকার চা বিক্রি হয়।
গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্রে চা বিক্রির সূচনা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। নিলামে দেশের বাগানগুলো থেকে সব মিলিয়ে সাড়ে পাঁচ লাখ কেজি চা সরবরাহ হয়েছিল। সরবরাহ করা চায়ের পুরোটাই বিক্রি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
সিলেট অঞ্চলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র চালুর বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় খাতসংশ্লিষ্টরা। তাদের দাবির মুখে ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ২০১৭ সালের ৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে একটি ভাড়া করা ভবনে এ কেন্দ্রের কার্যক্রম শুরু হলেও পরে তা স্থায়ী ভবনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তবে উদ্বোধন হলেও এতদিন এ কেন্দ্রে কোনো নিলাম অনুষ্ঠিত হয়নি।
এ বিষয়ে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) সহসভাপতি মো. ইউসুফ জানান, গত ডিসেম্বরে উদ্বোধনের পর চা বোর্ডের পক্ষ থেকে মৌলভীবাজারে পাঁচটি ব্রোকার হাউজের লাইসেন্স ইস্যু করা হয়েছে। শ্রীমঙ্গলে চা বিক্রির জন্য অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে জালালাবাদ টি ব্রোকার্স, এসটি ব্রোকার্স লিমিটেড, এসটিএলটি ব্রোকার্স লিমিটেড, গ্রেটার সিলেট টি ব্রোকার্স লিমিটেড ও শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিমিটেড। একই সঙ্গে চা মজুদের জন্য শ্রীমঙ্গলে তিনটি ওয়্যারহাউজ নির্মাণ করা হয়েছে।
পরবর্তীতে এখানে আন্তর্জাতিক নিলাম আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পায় টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি)। গত এপ্রিলে টি সেলস কো-অর্ডিনেশনের বৈঠক শেষে শ্রীমঙ্গলে প্রথম নিলাম (পরীক্ষামূলক) আয়োজনের জন্য ১৫ মে তারিখ ঘোষণা করা হয়। সেই সময় জানানো হয়, শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে পরপর তিনটি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হবে। পরবর্তী দুটি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ জুন ও ১৭ জুলাই।
এ সময় চট্টগ্রামে চলতি মৌসুমের পূর্বনির্ধারিত আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হবে না। তিনটি পরীক্ষামূলক নিলাম অনুষ্ঠানের পর পর্যালোচনা শেষে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্রের পরবর্তী কার্যক্রমবিষয়ক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড।