প্রথম ম্যাচেই পরাজয়। ভগ্নদশার আর্জেন্টিনার পুরো চিত্রটা ফুটে উঠেছিল সে ম্যাচেই। কলম্বিয়ার কাছে ০-২ গোলে কোপা আমেরিকার শুরুটা আর্জেন্টিনার জন্য যে দুঃস্বপ্নের শুরু, তা বলার অপেক্ষা রাখে না।
মেসির আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেছে, দ্বিতীয় ম্যাচে ড্র করেছে। প্যারাগুয়ের সাথে ১-১ গোলের ড্র মুখ বাঁচলেও টুর্নামেন্টে টিকে থাকা খুব কঠিন ছিল।
তবে গ্রূপপর্বের শেষ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। কাতারকে হারিয়েছে ২-০ গোলে। একটি মাত্র জয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আকাশী-সাদারা। গ্রূপ রানার্সআপ হয়ে আর্জেন্টিনা লড়বে ভেনিজুয়েলার সাথে।
অন্যদিকে দুর্দান্ত ব্রাজিল এবারের আসরের অন্যতম দাবিদার। প্রথম ম্যাচেই নিজেদের জাত চিনিয়ে বলিভিয়াকে হারিয়েছে ৩-০ গোলে।
প্রথম জয়ের পর দ্বিতীয় ম্যাচে ড্র। ভেনিজুয়েলার সাথে গোল শূন্য ড্র করা ব্রাজিল তৃতীয় ম্যাচে পেরুকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল লড়বে প্যারাগুয়ের বিপক্ষে।
অন্যদিকে উরুগুয়ের দাপুটে পারফরম্যান্সসহ চিলি, কলম্বিয়া পেরুও নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। অতিথি দল হিসেবে জাপান, কাতার খেললেও গ্রূপপর্বের বাঁধা পেরোতে পারেনি।
কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনাল হতে পারে ফুটবল প্রেমীদের জন্য উত্তেজনার মুহূর্ত। কেননা সেখানে মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা।
নিজেদের ম্যাচগুলো জিতে কোয়ার্টার ফাইনালের বাঁধা পেরোতে পারলেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়বে একে অপরের বিপক্ষে।
ব্রাজিলের জন্য প্যারাগুয়ে সহজ প্রতিপক্ষ হলেও, আর্জেন্টিনার জন্য তা নয়। গ্রূপপর্বে ব্রাজিলকে রুখে দেওয়া ভেনিজুয়েলার বিপক্ষে জিততে তাই বেগ পেতে হবে আকাশী-সাদাদের।
এখন দেখার বিষয়, ভগ্নদশার আর্জেন্টিনা কি পারবে নিজেদের প্রমাণ করতে?
কোয়ার্টার ফাইনাল ম্যাচ সূচি :
ব্রাজিল-প্যারাগুয়ে | ২৮শে জুন | ভোর ৬.৩০ মিনিট
আর্জেন্টিনা-ভেনিজুয়েলা | ২৯শে জুন | রাত ১.০০ মিনিট
কলম্বিয়া-চিলি | ২৯শে জুন | ভোর ৫.০০ মিনিট
উরুগুয়ে-পেরু | ৩০শে জুন | রাত ১.০০ মিনিট

