সোনার দামে নজিরবিহীন উত্থান: ২২ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা


gold#paperslife

দেশের বাজারে সোনার দাম আরেক দফা বৃদ্ধি পেয়ে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম সোমবার (৮ সেপ্টেম্বর, ২০২৫) থেকে কার্যকর হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত ২৭, ৩১ আগস্ট এবং ২, ৪ সেপ্টেম্বর চার দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২২৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৯০১ টাকা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৪ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা। এই দাম ছিল তৎকালীন সর্বোচ্চ।

সোনার দাম বৃদ্ধি পেলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।