জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য, সর্বত্র’ ফার্মাসিস্টদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।
বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে ফার্মেসি গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলামের উপস্থাপনায় ও বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বরুয়া, অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, চেয়ারম্যান, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এছাড়াও আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ সৈকতসহ অনেকে।
সকল আলোচকবৃন্দ স্বাস্থ্য সেবার উন্নয়নের স্বার্থে সকল হাসপাতালে প্রথম শ্রেণির (এ গ্রেড) ফার্মাসিস্টদের নিয়োগের গুরুত্ব আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রি সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
স্বাস্থ্য সেবায় ফার্মাসিস্টদের ভূমিকার কথা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ১৯২টি দেশের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪তম যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। সেই বাংলাদেশে ফার্মাসিস্টরা এতো পড়াশোনা করে লক্ষ্যে পৌঁছাতে পারবে না, এ ব্যর্থতার খাতায় নাম লেখানো যাবে না।

