স্মিথ-ওয়ার্নারকে ছাড়া অসহায় অস্ট্রেলিয়া




৫৯২ রানে পরাজয়। শেষ কবে অস্ট্রেলিয়া এমন অসহায় আত্মসমর্পণ করেছিল, হিসেবে কষতে হবে। দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজের শেষ টেস্টে এমনই অসহায়ভাবে হেরেছে টিম অস্ট্রেলিয়া।
দলের অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে হারিয়ে যেন খেই হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ এই দুই ক্রিকেটারকে হারিয়ে পথ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ইনিংসে ২২১ রানের পর দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১১৯ রানে।
শেষ দিনে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ৫২৪ রান। যা অসম্ভব প্রায়। ৮৮ রানে ৩ উইকেট নিয়ে শুরু করা অস্ট্রেলিয়া শেষ ৭ উইকেট হারিয়েছে মাত্র ৩১ রানে। ভারনন ফিল্যান্ডারের তান্ডবে লন্ডভন্ড সফরকারীরা।
প্রথম ইনিংসে মারক্রামের ১৫২ ও বাভুমার অপরাজিত ৯৫ এর সুবাদে সবকটি উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা করে ৪৮৮ রান। প্যাট কামিন্স নেন পাঁচ উইকেট। জবাবে মাত্র ২২১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফিল্যান্ডার, রাবাদা, মহারাজ নেন তিনটি করে উইকেট। ফলো অন না দিয়ে ব্যাট করতে নামা স্বাগতিকরা ফাফ ডু’প্লেসির শতকে ৩৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে। ৬১২ রানের পাহাড়সম টার্গেটের জবাব দিতে নেমে ফিল্যান্ডারের ঝড়ে মাত্র ১১৯ করে থামে সফরকারী অস্ট্রেলিয়া। ফিল্যান্ডার ছয়টি উইকেট লাভ করেন।
এই জয়ে প্রথম ম্যাচ হারার পরও চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা ভারনন ফিল্যান্ডার ও সিরিজ সেরা কাগিসো রাবাদা।