ঐতিহাসিক ফাইনালের অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা




আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে যখন তামিম-সাকিব-মুশফিকরা দেশে ফিরছে, তখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে সালমা-ফারজানা-রুমানারা ইতিহাস গড়ে ফাইনাল খেলার প্রস্তুতি নিচ্ছে।
নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ স্বাগতিক মালয়েশিয়াকে রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে বাংলাদেশ নারী দল। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে শক্তিশালী ভারত। গ্রূপপর্বের মোকাবেলায় এই ভারতকে হারিয়েছিল সালমাবাহিনী।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। শামীমা সুলতানা ৪৩, আয়েশা রহমান ৩১ এবং শেষ দিকে ফাহিমা হকের ১২ বলে ২৬ রানের এক ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩০ রান জমা করে বাংলাদেশ।
১৩১ এর লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬০ রান করে মালয়েশিয়া। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ৩টি, জাহানারা আলম, সালমা খাতুন, নাহিদা আক্তার ও খাদিজাতুল কুবরা ১টি কতে উইকেট তুলে নেন।
এর আগে দিনের প্রথম খেলায় ডু অর ডাই ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে চলে যায় ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭২ রান করে পাকিস্তান। জবাবে ১৬.১ ওভারেই ৩ উইকেটে জয়ের বন্দরে চলে যায় ভারত।
আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টায় ঐতিহাসিক ফাইনাল ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।