১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দেন, একটি পরিবার মাত্র ১০০ বিঘা জমি রাখতে পারবে। প্রয়োজনে সম্পত্তির পরিমাণ আরও কমানো হতে পারে।
সেদিন নোয়াখালীর রামগতিতে এক সম্মেলনে বঙ্গবন্ধু লক্ষাধিক লোকের জনসভায় বক্তৃতা করেছিলেন।
তিনি বক্তৃতায় বলেছিলেন, ‘বিভিন্ন পরিবারের কাছ থেকে পাওয়া ব্যক্তির জমি এবং সরকারের হাতে থাকা খাস জমি সঙ্গে সঙ্গে ভূমিহীন কৃষকদের বণ্টন করা হবে।’

বঙ্গবন্ধু সেখানে এও জানান, ‘দেশ পুনর্গঠনের জন্য তাকে দিনে ১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করতে হচ্ছে।’ সবাইকে আবারও ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক করে দেন তিনি।
বঙ্গবন্ধু তার বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অতীতের মতো পোষ্যদের নামে জমি ভাগ করে দিয়ে ১০০ বিঘার বেশি জমি রাখা, বা এই ঘোষণাকে ফাঁকি দেওয়া, বা পাশ কাটিয়ে যাওয়া চলবে না।’
তিনি সংশ্লিষ্ট কর্মচারীদের অবিলম্বে কাজ শুরুর নির্দেশ দেন। এই নির্দেশ যথাযথ কার্যকর করতে ব্যর্থ হলে তাদের জেল খাটতে হতে পারে বলেও জানিয়ে দেন। সভায় খন্দকার মোশতাক আহমদও উপস্থিত ছিলেন।

