কয়েকদিন আগে শেষ হলো ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব। অনেক আলোচনা সমালোচনায় জর্জরিত সেই টুর্নামেন্ট থেকে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের মত দলের বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপে পুড়েছে পুরো ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপের মত বিশ্ব আসরে কেন মাত্র ১০টি দেশ অংশগ্রহণ করবে, তার ক্ষোভ ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। অবশেষে টনক নড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি ফরমেটের জন্য পুরুষ ও নারী দল মিলিয়ে মত ১০৪ টি দলকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
ভারতের কলকাতায় অনুষ্ঠিত আইসিসি’র বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল (২৬ এপ্রিল) আইসিসি জানিয়েছে ক্রিকেট খেলে এমন ১০৪ দেশের খেলা (টি টোয়েন্টি) আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা পাবে।
আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এ ব্যাপারে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রত্যেক নারী দলের ম্যাচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের স্বীকৃতি পাবে ২০১৮ সালের পহেলা জুলাই থেকে। সকল পুরুষ দলের ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের স্বীকৃতি দেওয়া হবে ২০১৯ সালের পহেলা জানুয়ারি থেকে।’
কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে ‘গ্লোবাল র্যাংকিং সিস্টেম’ চালু হবে।
বর্তমানে টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়া দলের সংখ্যা ১৮ টি। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ড ছাড়াও স্কটল্যান্ড, নেদারল্যান্ড, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং নেপাল আন্তর্জাতিক স্বীকৃত টি-টোয়েন্টি দল।
