২০১৭ সালের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গত ১০ মাসে ২২ হাজারের বেশি ভারতীয় ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। এর মধ্যে ১১৪টি সরকারি ওয়েবসাইটও রয়েছে। গত বুধবার দেশটির পার্লামেন্টে এ তথ্য তুলে ধরা হয়।
ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমকে (সিইআরটি-ইন) উদ্ধৃত করে দেশটির ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী কে জে আলফোনস লোকসভায় এক লিখিত উত্তরে জানান, গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মোট ২২ হাজার ২০৭টি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে, যার মধ্যে ১১৪টি সরকারি ওয়েবসাইট। ক্ষতিগ্রস্ত ওয়েবসাইটগুলোর মধ্যে ৪৯৩টি ওয়েবসাইটে ম্যালওয়্যারের আক্রমণ হয়েছে।
ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টারকে (এনআইসি) উদ্ধৃত করে কে জে আলফোনস জানান, গত বছরের শুরু থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের জাতীয় তথ্য কেন্দ্রের (এনআইসিএনইটি) মোট ৭৪টি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়।
প্রতিমন্ত্রী জানান, গত ১০ মাসে সিইআরটি-ইন ৩০১টি সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে সতর্ক করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সতর্কবার্তা পাঠানো হয়েছে। সার্ভার সুরক্ষিত রাখতে এর স্বত্বধারীকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
