৫-২ এর জয়ে ফাইনালের পথে লিভারপুল




ম্যানচেস্টার সিটিকে হারিয়ে লিভারপুল ও বার্সেলোনাকে হারিয়ে সেমি ফাইনালের টিকিট অর্জন করে রোমা। ইংলিশ দল লিভারপুলের ঘরের মাঠ এনফিল্ডে সেমি ফাইনালের প্রথম লেগে আতিথেয়তা গ্রহণ করে ইতালীয় ক্লাব এ এস রোমা। এই আতিথেয়তায় ৫-২ গোলে রোমাকে বিধ্বস্ত করে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল।
ম্যাচের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে দুই দল। ছোট খাট আক্রমণে দুই দলই চেষ্টা চালিয়ে যেতে থাকে। তবে ১৭ মিনিটে ম্যাচের সব থেকে বড় সুযোগ পায় রোমা। কোলারভের শট লিভারপুল গোলরক্ষককে পেরিয়ে ক্রসবারে আঘাত হানলে সুযোগ নষ্ট হয়। লিভারপুলের জন্য বড় সুজ আসে ২৬ মিনিটে। রোমার গোলরক্ষককে একা পেয়েও গোলবারের উপর দিয়ে শট করে সুযোগ নষ্ট করেন সাদিও মানে। এর পরের মিনিটে ফিরমিনোর মাইনাস থেকেও গোল করার সুযোগ হাতছাড়া করেন মানে।
২৯ মিনিটের সময় মোহাম্মদ সালাহ’র শট থামিয়ে দেন রোমার ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন। লিভারপুলের মুহুর্মুহু আক্রমণে রোমার রক্ষণ দুর্গে ভাঙন ধরে। এরই মাঝে ৩৩ মিনিটের সময় সাদিও মানে বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। কিন্তু তার ঠিক তিন মিনিট পরই মোহাম্মদ সালাহ গোল করে স্বাগতিকদের ১-০ গোলের লিড এনে দেন। কিন্তু সাবেক দল রোমার বিপক্ষে কোনো উদযাপনে অংশ নেন নি তিনি।
৩৮ মিনিটের সময় কর্ণার থেকে উড়ে আসা বল থেকে ডেজান লভরেনের হেড ক্রসবারে না লাগলে ব্যবধান দ্বিগুন হতে পারত। এরপর আক্রমণের পর আক্রমণ চালিয়ে গেছে লিভারপুল। ঘড়ির কাঁটায় যখন প্রথম অর্ধের ইনজুরি সময় চলছে, নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন সালাহ। এবারও নিজের সাবেক দলের বিপক্ষে কোনো উদযাপন করেননি তিনি। এই ২-০ গোলে এগিয়ে থেকে অর্ধ বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে এসেও সেই ভয়ংকর লিভারপুলে ছন্নছাড়া এ এস রোমা। ৫৬ মিনিটে সাদিও মনে গোল করলে ৩-০ তে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপরও থামেনি লিভারপুল। সালাহ’র পাস থেকে গোল ফিরমিনো গোল করলে ৬০ মিনিটেই ৪-০ গোলে পিছিয়ে পরে সফরকারী রোমা। এখান থেকে ফিরে আসা কেবল কঠিনই নয়, অসম্ভবও বটে।
রোমাকে ফিরে আসার কোনো সুযোগ না দিয়ে আক্রমণের পসরা সাজিয়ে বসেছে, সে আক্রমণে গোল হয়েছে আরো একটি। ৬৯ মিনিটে ফিরমিনো নিজের দ্বিতীয় গোল করেন। খেলা তখনও শেষ হয়নি। ৮০ মিনিটের সময় ইডেন জেকো গোল করে প্রথম গোল এনে দেয় রোমাকে। এর চার মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৫-২ এ কমিয়ে আনা দিয়েগো পেরত্তি।
দুই দুটি মহামূল্যবান এওয়ে গোল নিয়ে নিজেদের মাঠে দ্বিতীয় লেগ খেলবে রোমা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ১-৪ গোলে হেরেও দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ৩-০ গোলে জয় পায়, এবং জায়গা করে নেয় সেমি ফাইনালে। আরো একবার অতিমানবীয় একটি লড়াই লড়তে হবে ইতালীয় দলটিকে, নাহলে যে ফাইনালের পথে যাওয়া সম্ভব হবে না।