করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষায় ৯০ শতাংশ ইতিবাচক ফল মিলেছে বলে দাবি করেছে বেইজিংভিত্তিক সিনোভ্যাক বায়োটেক লিমিটেড।
গতকাল রোববার সিনোভ্যাক তাদের ফলাফল জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, করোনাভ্যাক নামে তাদের তৈরি ভ্যাকসিনটি প্রয়োগে মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পরীক্ষায় অংশ নেওয়া ৯০ শতাংশ মানুষের শরীরের ১৪ দিনের মাথায় নিউট্রিলাইজিং অ্যান্টিবডি তৈরি হতে দেখা গেছে।
গত শনিবার সংস্থাটি পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশের সময় জানিয়েছে, প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের ট্রায়ালে কোনো মারাত্মক বিরূপ প্রভাবের খবর পাওয়া যায়নি। করোনভাইরাসটির একটি মৃত সংস্করণ ব্যবহার করে সিনোভ্যাকের ভ্যাকসিনটি তৈরি করা হচ্ছে।
চীন থেকে এখন পর্যন্ত যে পাঁচটি পরীক্ষামূলক ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার জন্য চূড়ান্ত পর্যায়ে এসেছে, সিনোভ্যাকের ভ্যাকসিনটি এর মধ্যে অন্যতম।

