অতিথি এলে নিজের হাতে বানানো নাশতা পরিবেশন করতে চান, কিন্তু সময় কোথায়। অথবা ঠান্ডা ঠান্ডা বিকেলে এক কাপ গরম চা হালকা নাশতা হলে তো দারুণ হয়। তবে একই রকম নাস্তা খেতে সবারই বিরক্ত লাগে। আর তাই বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং।
আসুন দেখে নেই চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং তৈরিতে কি কি লাগছে;
উপকরণ:
মুরগির কিমা ২ কাপ
আদাবাটা ১ চা-চামচ
রসুনবাটা আধা চা-চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ
সয়া সস ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ
পুদিনাপাতা মিহি কুচি ১ চা-চামচ
বাসমতি চাল ১ কাপ
লবণ সামান্য
প্রণালি
বাসমতি চাল পরিষ্কার করে ধুয়ে সামান্য লবণপানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরে চালের পানি ঝরিয়ে নিন। কিমার সঙ্গে আদাবাটা, রসুনবাটা, সয়া সস, গোলমরিচ গুঁড়া ও পুদিনা ভালোভাবে মেশান। গোল গোল করে বল তৈরি করুন। এবার চালে মাংসের বলগুলো গড়িয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট ভাপে দিন। সেদ্ধ হলে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।
