শ্রীলঙ্কার ২২২ রানের বিপরীতে বাংলাদেশের দুর্বল সূচনা




শ্রীলঙ্কাকে ২২২ রানে থামিয়ে দিয়েছেন বোলাররা। উইকেটের ভয়ংকর রূপ কিংবা চতুর্থ ইনিংসে এ উইকেটে বাংলাদেশকেই ব্যাট করতে হবে—এমন চিন্তাগুলো পাশে ফেলে একটু হলেও উচ্ছ্বসিত হওয়া যাচ্ছিল। আয়েশি-কদর্য বলে কি কিছু আছে? যদি থেকে থাকে, তার চূড়ান্ত দেখিয়ে দিলেন মুমিনুল হক। এবং মুশফিকুর রহিমও। ফলশ্রুতিতে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ।
মাত্র ৯ ওভারের মধ্যে সব বদলে গেল। শুরুটা হয়েছিল তামিম ইকবালের ফিরতি ক্যাচ দিয়ে।
তিন আউটের কোনোটাই কোনোটার চেয়ে কম যন্ত্রণাদায়ক নয় বাংলাদেশের সমর্থকদের জন্য। তবে সবচেয়ে বেশি চোখে বিঁধছে মুমিনুলের রান আউট। দ্বিতীয় ওভারের তৃতীয় বলটা ইমরুল কায়েস মিড অফে ঠেলে দিয়ে দৌড় দিয়েছিলেন। মুমিনুলও দৌড়ালেন, তবে আয়েশি ভঙ্গিতে। জগিং করতে করতে উইকেটরক্ষকের প্রান্তে যাচ্ছিলেন। ফিল্ডারের থ্রোটা ধরে ডিকভেলা যখন স্টাম্প ভাঙলেন, মুমিনুলের মুখে তখনো কোনো দুশ্চিন্তা নেই। বেশ সময় হাতে নিয়েই তো ক্রিজ পার করার কথা তাঁর। কিন্তু রিপ্লে দেখা গেল, সে ভয়ংকর দৃশ্য। বল কিপারের হাতে দেখেও ব্যাটটা মাটিতে ছোঁয়ানোর কোনো চেষ্টা নেই মুমিনুলের। আউট। ৪ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
৪ রানেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে চার মেরে প্রায় ফাঁকা গ্যালারিতে আলোড়ন তোলা তামিম পরের বলেই গ্যালারিতে নিস্তব্ধতা ডেকে আনলেন। ড্রাইভ করবেন কি করবেন না এটা ভাবতেই ভাবতেই সুরঙ্গা লাকমলের কাছে ফিরতি ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে তামিম।
এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দুই প্রান্ত থেকে দুই স্পিনারকে দিয়ে বোলিং শুরু করান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এক প্রান্তে মিরাজ অন্যপ্রান্তে রাজ্জাক। টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ইনিংসের প্রথম দুই ওভার করলেন দুই স্পিনার। প্রথম এ নজির দেখা গিয়েছে ১৯৬৪ কানপুরে ভারত–ইংল্যান্ড টেস্টে।
সে যাই হোক, শ্রীলঙ্কার ইনিংসে ষষ্ঠ ওভারে প্রথম বলে দিমুথ করুনারত্নেকে (৩) তুলে নিয়ে রঙিন প্রত্যাবর্তনের শুরু করেন রাজ্জাক। এরপর নিজের দ্বিতীয় স্পেলে পৌঁছে গিয়েছিলেন হ্যাটট্রিকের খুব কাছে!
করুনারত্নেকে (৩) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রাজ্জাক। এরপর ২৮তম ওভারে দ্বিতীয় স্পেলে ফিরেই প্রথম বলে মিড অফে দানুষ্কা গুনাতিলকাকে পরিণত করেন মুশফিককের ক্যাচে। তাঁর পরের বলটি ছিল যে কোনো বাঁহাতি স্পিনারের স্বপ্নের ডেলিভারি। মাঝ স্টাম্প বরাবর নিখুঁত লেংথের ডেলিভারিটি খানিকটা বাঁক খেয়ে সাপের ছোবল মারার মতো আঘাত হেনেছে স্টাম্পে। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল সোজা ব্যাটে খেলেও নিজেকে রক্ষা করতে পারেননি।
রাজ্জাক হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানোর আগে ধনঞ্জয়া ডি সিলভাকে (১৯) ফেরান তাইজুল ইসলাম। ৪ উইকেটে ১০৫ রান নিয়ে মধ্যাহৃ বিরতিতে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনের শুরুতেও এ দুই স্পিনারের ছোবল থেকে রক্ষা পায়নি লঙ্কানরা। একপ্রান্ত আগলে রাখা কুশল মেন্ডিসকে (৬৮) দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই ফেরান রাজ্জাক। এবারও তাঁর ডেলিভারি নিখুঁত লেংথ থেকে বাঁক নিয়ে আঘাত হেনেছে স্টাম্পে।
পরের ওভারে নিরোশান ডিকভেলাকেও (১) ফিরিয়ে শ্রীলঙ্কার দুই শ-র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা বাড়িয়ে তোলেন তাইজুল। শ্রীলঙ্কার স্কোর তখন ৬ উইকেটে ১১০। এখান থেকে সপ্তম উইকেটে পেরেরা–রোশন সিলভার ৫২ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। পরের উইকেটে আকিলা ধনঞ্জয়ার সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে দলকে দুই শ–র ওপাশে নিয়ে যান রোশন সিলভা (৫৬)। ৬৩ রানে ৪ উইকেট নেন রাজ্জাক। চার বছর পর টেস্টে ফিরেই এ সংস্করণে এক ইনিংসে নিজের সেরা বোলিং ফিগার তুলে নিলেন তিনি। তাইজুলের শিকারও ৪ উইকেট। ২ উইকেট মোস্তাফিজুর রহমানের।