বাংলাদেশের সামনে রানের পাহাড়




মিরপুর টেস্টে ৮ উইকেটে ২০০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ তৃতীয় দিনে মাত্র ১১.৫ ওভার টিকতে পেরেছে দলটি। তাইজুল ইসলাম বাকি ২ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস ২২৬ রানে গুটিয়ে দেন। এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়াল ৩৩৯ রান। শেরেবাংলা স্টেডিয়ামে কোনো দলই চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জিততে পারেনি।
এ মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২০৮ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের। সেটা ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ এ মাঠে সর্বোচ্চ ১০১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড দেশের বাইরে। ২০০৯ সালে সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ব্যাট করেও জয়ের নজির রয়েছে বাংলাদেশের। গত বছর কলোম্বোয় ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান অবশ্য বাংলাদেশেরই। ২০০৮ সালে এ মাঠে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৫২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১৩ রান করেছিল বাংলাদেশ। ১০ বছর আগের সেই ম্যাচ আজ বাংলাদেশের পাহাড় টপকানোর প্রেরণা হতে পারে! তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৫৭ রান। তামিম ইকবালকে (২) তুলে নিয়েছেন দিলরুয়ান পেরেরা। ব্যাট করছেন মুমিনুল হক  ও মুশফিকুর রহিম।
তার আগে শ্রীলঙ্কার ইনিংসে ৭৪তম ওভারের লাকমলকে তুলে নেন তাইজুল। তাঁকে সুইপ করতে গিয়ে বোল্ড হন লাকমল (২১)। পরের বলে রঙ্গনা হেরাথকেও এলবিডব্লউয়ের ফাঁদে ফেলে শ্রীলঙ্কার ইনিংস মুড়িয়ে দেন তাইজুল। এক প্রান্তে ৭০ রানে অপরাজিত ছিলেন রোশেন সিলভা। ৭৬ রানে ৪ উইকেট নেন তাইজুল। মোস্তাফিজুর রহমানের শিকার ৩ উইকেট, ২ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।