আরো অন্ধকারে কেনিয়ার ক্রিকেট




২০০৩ সাল। সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে কেনিয়া। সেটাই এখন পর্যন্ত কেনিয়া ক্রিকেট দলের সর্বোচ্চ সাফল্য। এরপর ধারণা করে হয়েছিল ক্রিকেটের নতুন পরাশক্তি হতে চলেছে আফ্রিকার এ দেশটি।
সে আশার গুড়ে বালি। স্টিভ টিকোলো, টমাস ওডোয়াদের কেনিয়া যে আলো দেখিয়েছিল, সেই আলো প্রস্ফুটিত হওয়ার আগেই মেঘের কালো অন্ধকারে ঢেকে গিয়েছে। সেই কেনিয়ার ক্রিকেটে এখন চলছে দুর্দিন।
ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর থেকে পিছিয়ে যেতে হয়েছিল অনেক আগেই। প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে যেয়েও ক্ষান্ত হয়নি তারা, চরম ব্যর্থতায় নেমে গেছে তৃতীয় বিভাগেও।
নামিবিয়ায় অনুষ্ঠিত ছয় জাতির দ্বিতীয় বিভাগের ক্রিকেট লীগের সবগুলো ম্যাচ হেরেছে কেনিয়া ক্রিকেট দল। ফলস্বরূপ নেমে গেছে তৃতীয় বিভাগে। এতটা ব্যর্থতা সহ্য করতে পারেনি কেনিয়ার ক্রিকেট। আর সেকারণে একযোগে পদত্যাগ করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, কোচ এবং অধিনায়ক।
এই লজ্জার দায় কাঁধে নিয়ে কেনিয়ার অধিনায়ক রাকেপ প্যাটেল, প্রধান কোচ কোচ ওদোয়ো এবং বোর্ডের প্রধান জ্যাকি জান মোহাম্মদ বৃহস্পতিবার পদত্যাগ করেন। আফ্রিকান এই দেশটির ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জান মোহাম্মদ এই কলঙ্কের দায়ভার নিয়ে বলেছেন, “জাতীয় দলের পারফরম্যান্স আমাদের জন্য লজ্জার। এর দায় কাউকে না কাউকে তো নিতেই হতো। এ কারণে দলের দায় কাঁধে নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিলাম।”
দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ টমাস ওডোয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন। লজ্জায় মুখ ঢাকলেন তিনি, “গত সপ্তাহটা আমাদের প্রচণ্ড হতাশায় কেটেছে। নামিবিয়ায় আমরা অনেক চাপে ছিলাম। কোনো দেশের ক্রিকেট এমন অবস্থার মুখোমুখি হোক এটা আমি চাই না। তবে এটা ঠিক আমরা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছি। আমাদের পারফরম্যান্স ছিল খুবই হতাশার।”