বাচ্চাদের টিফিনে মজাদার আলুর বার্গার




সবজি খাওয়া নিয়ে বাচ্চাদের নানা বাহানা। সবজি খাওয়াতে গিয়ে মায়েদের তো রীতিমত যুদ্ধে নামতে হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে চার থেকে ছয় বছর বয়সি বাচ্চাদের ২০০ গ্রাম সবজি ও ২০০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন।
আবার শিশুদের ঠিক যতটা সবজি খেতে অনীহা, ঠিক ততটাই ফাস্টফুড প্রীতি। যে কারণে বেশ বড় বিপদে পড়তে হয় বাবা মায়েদের। তবে এই সমস্যার সমাধান করতে বেছে নিতে ফাস্টফুড এবং সবজির যুগলবন্দী আলুর বার্গার।
আসুন দেখে নেয়া যাক এই বার্গারটি তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
সিদ্ধ আলু       ২টি
সিদ্ধ সবজি (পছন্দের যেকোন সবজি) ২ কাপ
আদা মরিচ পেস্ট  ১ চা চামচ
ধনেপাতা কুচি     স্বাদমত
লবণ                  স্বাদমত
গরম মশলা        ১/৪ চা চামচ
লেবুর রস           স্বাদমত
কর্ণ ফ্লাওয়ার       ২ টেবিল চামচ
ব্রেড ক্রাম্বস        আধা কাপ
বার্গার বন           ৪ টি
চিজ স্লাইস করে না স্বাদমত
টমেটো কেচাপ
মেয়নিজ
লেটুস পাতা
শসার টুকরো
টমেটোর টুকরো
প্রণালী:
প্রথমে সিদ্ধ আলু, আদা মরিচের পেস্ট, সিদ্ধ সবজি (মটরশুঁটি, বিনস, গাজর, ফুলকপি), ধনেপাতা কুচি, লবণ, গরম মশলা, লেবুর রস, কর্ণ ফ্লাওয়ার ভাল করে মিশিয়ে নিন। হাতের তালুতে অল্প করে তেল লাগিয়ে নিন। তারপর সবজিগুলো দিয়ে বড় চপ তৈরি করুন। আরেকটি পাত্রে কর্ণ ফ্লাওয়ার, লবণ এবং পানি দিয়ে পেস্ট তৈরি করুন। সবজির চপটি কর্ণ ফ্লাওয়ারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে জড়িয়ে তেলে দিয়ে দিন। বাদামী রং হয়ে আসলে তেল থেকে নামিয়ে ফেলুন। এখন মেয়নিজ, গাজর কুচি, পেঁয়াজ, সরিষার সস, গোল মরিচ, লবণ একসাথে মিশিয়ে ক্লোসোল তৈরি করুন। বার্গার বনে মাখন লাগিয়ে নন-স্টিক প্যানে সেকে নিন। তারসাথে সবজির চপটি দিয়ে দিন। সবজি চপটির উপর চিজ দিয়ে একটি ছোট বাটি দিয়ে চিজসহ চপটি ঢেকে দিন। বার্গার বনে টমেটো কেচাপ, লেটুস, শসা, টমেটোর টুকরো, অল্প একটু লবণ এবং গোলমরিচ গুঁড়ো, আলুর চপ দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার আলু টিক্কা বার্গার।