মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে বাংলাদেশ পেল আরেকটি স্মরণীয় জয়। শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।
১২ ওভার শেষেও প্রয়োজনীয় রান রেট থেকে পিছিয়ে পড়েনি বাংলাদেশ, হাতে ৮ উইকেট। এ ম্যাচে নিরঙ্কুশ ফেবারিট তো বাংলাদেশ! কিন্তু কীভাবে ম্যাচ থেকে ছিটকে পড়তে হয় সেটাই দেখিয়ে দিলেন তামিম-মুশফিকেরা। মাত্র ১৫ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। ৩ উইকেটে ৯৭ রান থেকে হঠাৎ করেই ৫ উইকেটে ১০৯ বাংলাদেশ।
অথচ ১২ ওভার পর্যন্ত শুধু সুখবরই ঘোরাঘুরি করছিল বাংলাদেশ দলের চারপাশে। মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে এক হাজার ছুঁয়েছেন মুশফিক। অপর প্রান্তে এই মাইল ফলকে সবার আগে পৌঁছা তামিম। ১২ ওভার শেষে দলের স্কোর ২ উইকেটে ৯৫। ইনিংসের ওই অবস্থায় শ্রীলঙ্কার স্কোর ছিল ৫ উইকেটে ৬৮ রান। ২৭ রানে এগিয়ে থাকা বাংলাদেশ তো জয়ের আশা করতেই পারে।
কভার দিয়ে তুলে মারতে গিয়ে মুশফিক ফেরার পরও আশা হারায়নি বাংলাদেশ, তামিম যে ছিলেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান ইতিহাস সৃষ্টি করা সেই ইনিংসের পর আর কখনো ফিফটিও করতে পারেননি। আজ সে দুঃখটাও মিটল। ৪১ বলে ফিফটি করা তামিম কিনা আউট পরের বলেই! কোনো চার ছক্কা না মেরে ১০ রান করা সৌম্য আউট ৪ বল পরেই। তবে কি পথ হারাল বাংলাদেশ?
৩১ বলে ৫১ রানের সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামলেন সাকিব আল হাসান। বিদায় নিলেন দলকে ১২ বলে ২৩ রানের সমীকরণে। এর মাঝে ৯ বলে ৭ রানই করতে পেরেছেন সাকিব। দলকে জেতানোর সব দায় দায়িত্ব সিরিজের আগের তিন ম্যাচের অধিনায়কত্ব করা মাহমুদউল্লাহর কাঁধেই পড়ল।
মাহমুদউল্লাহকে স্ট্রাইক দিতে গিয়ে রান আউট হয়ে ফিরে গেলেন মুস্তাফিজুর রহমান। ইসুরু উদানার শর্ট বলে ব্যাট ছোঁয়াতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ রান নিতে ছুটেন। সাড়া দেন মুস্তাফিজ। কিন্তু রান পূর্ণ করতে পারেন, ফিরে যান রান আউট হয়ে ফিরে যান তিনি।
১৯তম ওভারের শেষ বলটি মিড অফে পাঠিয়ে রান নিতে চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দাসুন শানাকার সরাসরি থ্রোয়ে ফিরে যান রান আউট হয়ে। আরেকটি উইকেট হারাল বাংলাদেশ। মহাগুরুত্বপূর্ণ শেষ ওভারের শুরুতে নন স্ট্রাইকার এন্ডে থাকলেন মাহমুদউল্লাহ। শেষে এলেন স্ট্রাইকে। তাই জয়ও এলো তার ব্যাটে ভর করে।
