বাংলাদেশ খেই হারিয়ে ফেলেছিল অনেক আগেই। সেই হারানো পথেই নিদাহাস ট্রফির প্রথম ম্যাচ। ভারতের বিপক্ষে বাজে ভাবে হেরে নিজেদের সামর্থ্যের উপর লাল দাগ লেপ্টে দেয় টিম টাইগার্স। প্রেস বক্সে একজন সাংবাদিক প্রশ্ন করেন, কেন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলো? এতে তো ট্রফির মজাই নষ্ট হয়ে গেল।
ট্রফির মজা নষ্ট হয়েছে কিনা সেটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের লড়াই দেখলেও অনুমান করা যায়। এত উত্তেজনা, এত উত্তাপ, একে অপরের চোখে চোখ রেখে লড়াই হয়ত কেউ কল্পনায়ও ভাবতে পারেনি। আর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে যে শ্রীলঙ্কা ভুল করেছে, সেটা অবশ্য সত্যি। নিজেদের সত্তর তম স্বাধীনতা দিবসে ঘরের মাঠ থেকে যে নিজেদেরই বিদায় নিতে হয়েছে এই বাংলাদেশের কাছেই। যে বাংলাদেশকে হিসেবে খাতাতেও রাখেনি কেউ।
হিসেবের খাতাতে রাখা হয়নি বাংলাদেশকে, তার প্রমান মিলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকান্ডে। ফাইনাল উপলক্ষে প্রেসিডেন্ট বক্সের আমন্ত্রিত অতিথিদের যানবাহনের জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যে কার পাস ছেপেছে, তাতে ফাইনালের দুই দলের জায়গায় লেখা ‘ভারত বনাম শ্রীলঙ্কা।’ বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ প্রেসিডেন্ট বক্সের আমন্ত্রিত সব অতিথিকেই দেওয়া হয়েছে এই কার পাস।
ভারত ফাইনাল নিশ্চিত করেছে আগেই। তাদের প্রতিপক্ষ কে হবে নিশ্চিত করা লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যে জিতবে, তারাই পাবে ফাইনালের টিকিট। তবে কেন আগেই সিদ্ধান্তের আগেই ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ করা হলো? এটা কি তাদের ভুল?
নাকি শ্রীলঙ্কা ধরেই নিয়েছিল, ভারতের সঙ্গে নিদাহাস ট্রফির ফাইনালে খেলবে শ্রীলঙ্কাই! বাংলাদেশের কোনো সুযোগ নেই ফাইনালে যাওয়ার! তাদের কর্মকাণ্ডে অন্তত তাই মনে হচ্ছে। ফাইনালের জন্য ভারতের প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার আগেই শ্রীলঙ্কাকে ফাইনালিস্ট ধরে ছেপে ফেলা এই কার পাস দেখে বিস্মিত হয়েছেন সবাই।
বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘টুর্নামেন্টের শেষ দুই ম্যাচের জন্য দু-তিন দিন আগেই কার পাস সরবরাহ করে শ্রীলঙ্কা বোর্ড, তাতে ফাইনালের দুই দলের নাম লেখা ভারত ও শ্রীলঙ্কা। আমরাসহ এখানকার সব অতিথিই এই কার পাস পেয়েছেন।’
শ্রীলঙ্কার বোর্ড যে শ্রীলঙ্কাকে ফাইনালে নিয়ে যাওয়ার সবরকম চেষ্টা করেছিলেন, তার নিদর্শন দেখা গিয়েছিল খেলার মাঠেও। শেষ ওভারের লড়াই তখন জমজমাট। শ্রীলঙ্কার পেসার উদানার পর পর দুই বলে বাউন্সে পরাস্ত মুস্তাফিজ। মাহমুদুল্লাহকে ব্যাটিংয়ে ফিরিয়ে আনতে রান আউট হন তিনি।
কিন্তু সমস্যাটা অন্যখানে। নিয়ম অনুযায়ী টি-২০ ক্রিকেটে ওভারে একটি করে বাউন্স দেওয়ার নিয়ম থাকলেও, পর পর দুই বাউন্স কেন নো বল ডাকা হলো না? এর প্রতিবাদ করেছিলেন অধিনায়ক সাকিব। পুরো দল এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। মাঠ ছেড়ে উঠে এসে খেলা বয়কট পর্যন্ত করতে বলেছিলেন সাকিব। মাঠের আম্পায়াররা সেই সব আমলে নেননি। সাকিবের রাগ-ক্ষোভ করে চলে যাওয়া, মাহমুদুল্লাহর বয়স গজে ফিরে বীরের বেশি জয় নিয়ে ফের এসবের বিরুদ্ধেই চপেটাঘাত।
এর মাঝেই শ্রীলঙ্কার আম্পায়ারদের নিজেরদের দলের প্রতি পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে ওঠে। তখন ১০ ওভার ৪ বল, তামিমের বিরুদ্ধে বল করছেন জিভান মেন্ডিস। ডাউন দ্যা পিচে এসে তামিমের শট ব্যাটের কানা ঘেঁষে বেরিয়ে গেল। উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা কুশল পেরের তালু বন্দি করতে পারেননি।
সেই সময় রিপ্লেতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা আম্পায়ার হাতের ইশারায় দেখাচ্ছিলেন বল ব্যাট ছুঁয়েছিল। তবে নজর কাড়ে অন্য জায়গায়। মুখের অনুভুতিতে লক্ষ্য করা যায়, বোলার-ফিল্ডারদের মতই ব্যথিত হয়েছেন তিনি।
পুরো ম্যাচ জুড়েই এসব ঘটনা হরহামেশাই ঘটে। শ্রীলঙ্কার খেলোয়াড়, দর্শকদের নাগিন ড্যান্স নিয়ে ট্রল, মাঠ ও মাঠের বাইরে বাংলাদেশ দলের বিপক্ষে বিরুদ্ধাচারণ – সবকিছুকেই বুড়ো আঙুল দেখিয়েছে টিম টাইগার্স। স্নায়ু চাপকে জয় করে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে তারাই।
https://www.youtube.com/watch?v=QOzA2Sb7iXA
