সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। তিন দিন আগে মিশরের বিপক্ষে দলকে নাটকীয় জয় এনে দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো এবার আর পারলেন না।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে পর্তুগাল। একাদশ মিনিটে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান লিওঁর মিডফিল্ডার মেমফিস ডিপাই। ৩২তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন বেসিকতাসের ফরোয়ার্ড রায়ান বাবেল। আর প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডিক হাফভলিতে ব্যবধান আরও বাড়ালে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা।
৬১তম মিনিটে ইন্টার মিলানের ডিফেন্ডার জোয়াও কানসেলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরার আশা প্রায় শেষ হয়ে যায় পর্তুগালের। ৬৮তম মিনিটে রোনালদোকে তুলে প্লেমেকার জোয়াও মৌতিনিয়োকে নামান কোচ। বাকি সময়ে ভালো দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ফের্নান্দো সান্তোসের দল।
রোনালদো যেন নিজের ছায়া হয়েই ছিলেন জেনেভার প্রীতিম্যাচে। রিয়াল তারকার মনে যেন রাজ্যের আঁধার জমেছিল তখন। ম্যাচ শেষের এক-দুই মিনিট আগে দু-একটা ভালো সুযোগ তৈরি করলেও ফলাফলে হার নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। এদিকে, কোচ হিসেবে নেদারল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর এটাই কোয়েনের প্রথম জয়।
