মুস্তাফিজের মুম্বাই পারেনি, তবে সাকিবের হায়দ্রাবাদ ঠিকই পেরেছে। প্রথম ম্যাচে ৯ উইকেটে জয়ী হয়ে একাদশ আইপিএলে শুভ সূচনা করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যে জয়ে সাকিবের অবদানও ছিল।
জার্সি বদলেছে, কলকাতা শিবির থেকে হায়দ্রাবাদের শিবিরে সাকিব আল হাসান। তাতে পারফরম্যান্সে একটুও ভাটা পড়েনি বিশ্বসেরা অলরাউন্ডারের। দুই বছর পর ফিক্সিং ক্যালেঙ্কারিতে নিষিদ্ধ রাজস্থান রয়েলসের বিপক্ষে হেসে খেলেই জিতেছে ২০১৬ আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে রাজস্থান। হায়দ্রাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও নিয়মিত উইকেটে বিপর্যস্ত রাজস্থান রয়েলস। সাকিব আল হাসান, রশিদ খান, সিদ্ধার্থ কলের মিতব্যয়ী বোলিং ম্যাচে রাখেন হায়দ্রাবাদকে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে রাজস্থান রয়েলস। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করে সাকিবের বলে ফিরেন সাঞ্জু স্যামসন। সাকিব, সিদ্ধার্থ দুইটি করে এবং রশিদ খান, ভুবনেশ্বর কুমার ও বিলি স্টানলেক একটি করে উইকেট তুলে নেন।
১২৬ রানের জবাবে ব্যাট দিতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহা’র উইকেট হারালেও শিখর ধাওয়ানের ৫৭ বলে ৭৭ ও কেন উইলিয়ামসনের ৩৫ বলে ৩৬ রান এক উইকেট হারিয়ে খুব সহজেই ২৫ বল বাকি থাকতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। হায়দ্রাবাদের একমাত্র উইকেট তুলে নেন জয়দেব উনাদকাত।
৪ ওভারে ৫.৮ ইকোনমি রেটে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব আল হাসান।
