জাতীয় দলে নিয়মিত নন লোকেশ রাহুল। এমন একজনকে কি দলে রাখা যায়? ভাবতে হয়। যখন সেরা হওয়ার লড়াই, তখন এসব নিয়ে ভাবনা চিন্তা করা লাগে। বুড়িয়ে গেছেন, ফুরিয়ে যেতে আর কতক্ষণ। ক্রিস গেইল কিংবা শেন ওয়াটসনকে তাই দলে রাখা দায়। টি টুয়েন্টির ধুম ধারাক্কার ক্রিকেটে বুড়োদের জায়গা মেলে না।
লোকেশ রাহুল, ক্রিস গেইল অথবা শেন ওয়াটসনকে তাই না রেখে ভালোই হয়েছে। নিলামে সে কারণে ছেড়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আসলেই কি ভালো হয়েছে? অন্তত এ আসরে তাদের অমানবিক পারফরম্যান্স ব্যাঙ্গালুরুর মালিকের কপালে হাত দেওয়াতে বাধ্য।
টুর্নামেন্টের দ্রুততম সেঞ্চুরি লোকেশ রাহুলের নামে। এবারের আসরে মোটে শতক এসেছে দুইটি। একটি ক্রিস গেইলের নামে এবং অপরটি করেছেন শেন ওয়াটসন। এতটুকুই আরসিবি টিম ম্যানেজমেন্টের ঘাম ঝড়াবে।
নতুন দল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচেই ১৬ বলে ৫১ রানের দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলেন লোকেশ রাহুল। ১৫ বলে অর্ধশতক করে ১৬ তম বলে আউট হন। তার এই ইনিংস এ আসরে এখন পর্যন্ত দ্রুততম অর্ধশতক।
এই কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ক্রিস গেইল রচনা করেছেন আসরের প্রথম সেঞ্চুরি। অথচ আইপিএল নিলামে এই ক্যারিবীয় দানব প্রথমবারে অবিক্রিত ছিলেন। প্রথম দুই ম্যাচেও সুযোগ হয়নি দলের। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তিনি ৬৩ বলে ১০৪ রানের ঝড় তোলেন, যেখানে ছিল ১১টি ছয়ের মার। এর আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বলে ৬৩ রান করেন।
এবং গতকাল শেন ওয়াটসনও জ্বলে উঠলেন ব্যাট হাতে। নতুন দল চেন্নাই সুপার কিংসের হয়ে রাজস্থানের রয়েলসের বিপক্ষে ৯ চার ও ৬ ছয়ে ৫৭ বলে ১০৬ রান করেন। সাথে বল হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পুরোদস্তুর অলরাউন্ডার পারফরম্যান্সে প্রমাণ করেছেন নিজেকে।
ব্যাঙ্গালুরু ছেড়ে নতুন দলে পাড়ি জমানো রাহুল, গেইল, ওয়াটসনরা যেভাবে নিজেদের মেলে ধরছে, তাতে হয়ত কেবল হতাশাই বাড়ছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। কেননা ৪ ম্যাচ শেষে ৩ পরাজয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে আরসিবি।
