ম্যাচের বয়স তখন ৩৮ মিনিট। ইনিয়েস্তার অসাধারণ পাস থেকে দুর্দান্তভাবে বল বের করে নিয়ে এগোচ্ছেন মেসি। মেসিকে থামানো যাবে না জেনেই প্যান্ট ধরে টান সেভিয়া ডিফেন্ডারের। ফাউলের মাধ্যমে এ যাত্রায় রক্ষা সেভিয়ার। তবে এত সহজে কি মেসি থেকে পরিত্রাণ পাওয়া যায়? মেসিকে যে থামানো এত সহজ নয়। এর আগেই গোল করেছেন একটি, এর পর করিয়েছেন দুটি। মেসিময় একরাতে কোপা ডেল রে ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ৩০ তম কোপা ডেল রে’র শিরোপা ঘরে তোলে বার্সেলোনা।
এ রাতে সেভিয়াকে নিয়ে যেন ছেলেখেলাই করে মেসি-সুয়ারেজরা। শুরুটা লুই সুয়ারেজকে দিয়ে। ১৩ মিনিটে বার্সা গোলরক্ষক সিলিসেনের লম্বা পাস খুঁজে নেয় ব্রাজিল সুপারস্টার ফিলিপ কৌটিনহোকে। কৌটিনহোর বল নিয়ে ছুটে যাওয়া, সেভিয়া গোলরক্ষকের মাথার উপর দিয়ে আলতো চিপ এবং সুয়ারেজের গোল। ১-০ গোলে এগিয়ে যায় বার্সা।
গোল খেয়ে মরিয়া সেভিয়া মাঝে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। এর বিপরীতে আক্রমণের পর আক্রমণ সাজিয়ে গেছে বার্সেলোনা। ২৭ মিনিটে ইনিয়েস্তার শট ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট হয় কাতালান দলটির। সে হতাশে বেশিক্ষণ থাকার সুযোগ দেননি আর্জেন্টাইন লিওনেল মেসি।
এর ঠিক তিন মিনিট পরেই ঘড়ির কাঁটার যখন ৩০ মিনিট তখন জর্দি আলবার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৪০ মিনিটে মেসির ডিফেন্স চেরা পাস খুঁজে নেয় লুই সুয়ারেজকে। ভুল করেননি এই উরুগুইয়ান। দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি। এই ৩-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতিতে থেকে ফিরেও গোল ক্ষুধা যেন কমেনি বার্সেলোনার। অপরদিকে গোল দিতে মরিয়া সেভিয়া আক্রমণে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের ৫২ মিনিটে মেসির দুর্দান্ত এক পাস থেকে গোল করেন ইনিয়েস্তা। বার্সেলোনা এগিয়ে যায় ৪-০ গোলে। ম্যাচের ৬২ তম মিনিটে ম্যাচের সব থেকে বড় সুযোগ পায় সেভিয়া। বার্সা গোলরক্ষক সিলিসেনের দৃঢ়তায় গোল বঞ্চিত সেভিয়া।
এরই মাঝে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বার্সা। সেভিয়া গোলরক্ষকের কল্যাণে বেশ কয়েকবার রক্ষা পায় দলটি। ঘড়ির কাঁটায় যখন ৬৯ মিনিট, পেনাল্টি থেকে গোল করে দলকে ৫-০ গোলের লিড এনে দেন কৌটিনহো। এরপর দুই দল একের পর এক আক্রমণ করলেও আর কোনো গোল না হলে ৫-০ গোলের জয়ে শিরোপা উঁচিয়ে ধরে কাতালান দল বার্সেলোনা।
মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন ইনিয়েস্তা। পাড়ি জমাবেন সুদূর চীনে। শেষ কোপা ডেল রে’র শেষ ফাইনালে গোল করে ও শিরোপা উঁচিয়ে ধরা ইনিয়েস্তার ম্যাচটি মনে থাকবে অনেকদিন।
