বার্সেলোনার এক পয়েন্টের অপেক্ষা




গতকাল কোপা ডেল রে’র ফাইনালে সেভিয়াকে স্প্যানিশ কাপ জয়ের উদযাপনটা ভালোভাবেই করলো বার্সেলোনা। সেই বার্সেলোনার জন্য ভেসে এসেছে সুখবর। এবার লা লিগা জয়ের পথে মেসি-ইনিয়েস্তারা। আর মাত্র একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের লীগ শিরোপা।
বার্সেলোনার এ সুখবরে হাত আছে আতলেতিকো মাদ্রিদের। শেষ দুই ম্যাচে তাদের একটিতে হার ও একটিতে ড্র বার্সেলোনাকে শিরোপা জয়ের দিকে অনেকটাই এগিয়ে দিয়েছে। গতকাল রাতে লা লিগার ৩৪ তম রাউন্ডে রিয়াল বেটিসের সাথে ঘরের মাঠ ওয়েন্দা মেট্রোপলিটনে গোল শূন্য ড্র করে আতলেতিকো মাদ্রিদ। এই ড্র এর ফলে ২৯ তারিখ অনুষ্ঠিত ডেপর্তিভো লা করুনা’র বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে কাতালান দলটির।
৩৪ ম্যাচ শেষে ২১ জয়, ৯ ড্র আর ৪ পরাজয়ে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৩৩ ম্যাচে ২৫ জয় ও ৮ ড্র’য়ে ৮৩ পয়েন্ট অর্জন করেছে। শীর্ষ পাঁচ লীগের একমাত্র দল হিসেবে বার্সেলোনা এখন পর্যন্ত লীগে কোনো হারের স্বাদ পায়নি।
বার্সার বাকি আছে পাঁচটি ম্যাচ। এই পাঁচ ম্যাচে কেবল একটি পয়েন্ট পেলেই ২৫ তম লীগ শিরোপা ঘরে তুলবে তারা। এই এক পয়েন্ট পেতে শেষ পাঁচ রাউন্ডের যেকোনো একটি ম্যাচে কেবল ড্র করলেই হবে। বাকিগুলো হারলেও কোনো অসুবিধা নেই। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ সবগুলো ম্যাচ জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। কিন্তু গোল ব্যবধানে অনেকখানি এগিয়ে থাকায় শিরোপা জয় নিশ্চিত হবে কাতালান দল বার্সেলোনার।
মৌসুমের শুরুতে সুপার কাপে টালমাটাল বার্সেলোনা খুব সুন্দরভাবে ফিরে আসে। ভক্ত সমর্থকরা যেখানে শুরুতে কোনো আশা দেখছিল না, সেখানে মৌসুম শুরুর পর ট্রেবল জয়ের স্বপ্ন দেখে বার্সেলোনা সমর্থকরা। তবে মৌসুমের সব থেকে বাজে খেলায় রোমার বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ট্রেবল জয়ের পথ থেকে বিচ্যুত করে। এখন দ্বৈত লীগ জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হবে মেসি-পিকে-ইনিয়েস্তাদের।