ইনজুরি তালিকায় এবার মাহমুদুল্লাহ রিয়াদ




বাংলাদেশ ক্রিকেট দলের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, মুশফিকুর রহিমের পর এবার ইনজুরির মিছিলে যোগ দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
গোড়ালিতে চোট পাওয়ার কারণে খেলতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) – এর শেষ রাউন্ডের ম্যাচ। রিয়াদের এই ইনজুরি অনেক পুরোনো। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন গোড়ালির ব্যথায়। কিন্তু তা তিনি আমলে নেননি। সিরিয়াস কোনো বিষয় নয় মনে করে খেলে গেছেন। আর সেটিই অভিশাপ হয়ে নেমে এসেছে। ছিটকে দিয়েছে খেলা থেকে।
জুনে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই সেরে ওঠার কথা মাহমুদুল্লাহ রিয়াদের। তাই অন্তত তাকে নিয়ে শঙ্কা নেই। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী ১৩ মে থেকে শুরু হওয়া জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকেই রিয়াদকে পাওয়া নিয়ে আশাবাদী। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘ক্যাম্পের শুরু থেকেই ও (রিয়াদ) থাকবে। ওর গোড়ালির ব্যথাটা পুরনো। তবে ম্যানেজ করে চলছিল। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতেও ব্যথা সামলে খেলেছে। বিসিএলের লাস্ট রাউন্ডে খেলার সময় ব্যথা অসহনীয় হয়ে ওঠে।’
রিয়াদকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না বিসিবি। সামনে ব্যস্ত সূচি আছে জাতীয় দলের। তাই পূর্ন ফিট রিয়াদকেই চায় বাংলাদেশ। এ কারণে পুরোপুরি বিশ্রাম দিয়ে সুস্থ করে তোলা হবে রিয়াদকে। এ বিষয়ে দেবাশীষ বলেন, ‘ব্যথাটা যেন আরও বাজে না হয়ে যায় সেজন্যই আমরা বিশ্রামের পরামর্শ দিয়েছি। সামনে আমাদের ব্যস্ত মৌসুম। সে আমাদের বলেছে, আগামী ৮-১০ মাস যেন নির্বিঘ্নে খেলতে পারে সেই ব্যবস্থা নিতে। আমরা সেভাবেই পরামর্শ দিয়েছি।’