রেকর্ডের বরপুত্র 'সাকিব আল হাসান'




সাকিবের ঘূর্ণিতে পরাস্ত রোহিত শর্মা। ব্যাটের কানা ছুঁয়ে বল স্লিপে দাঁড়িয়ে থাকা শিখর ধাওয়ানের হাতে। তাতেই নতুন রেকর্ড, আরেক এলিট ক্লাবে প্রবেশ সাকিব আল হাসানের। ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন, লাসিথ মালিঙ্গা ও শহীদ আফ্রিদির পর ৫ম বোলার হিসেবে টি২০ ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এর সাথে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে ৩০০ উইকেটের পাশাপাশি ৪০০০ রানের এলিট ক্লাবেও নাম লেখান সাকিব। কলকাতার বিপক্ষে জয়ের দিনে ২১ বলে ২৯ রান করে চার হাজারী ক্লাবে প্রবেশ করেন। সেদিন দুই উইকেট নিয়ে ২৯৯ উইকেট নিয়ে অপেক্ষা করছিলেন ৩০০তম উইকেটের।
কিন্তু পরের দুই ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে উইকেট শূন্য থাকলে অপেক্ষাটা বাড়ে সাকিবের জন্য। আজ সে অপেক্ষা ঘুচিয়েছেন, এবং অলরাউন্ডারদের জন্য এমন এক বিরল রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন।
টি২০’র ফেরিওয়ালা সাকিব আল হাসান বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে এখনো পর্যন্ত ম্যাচ খেলেছেন ২৬০টি। ব্যাট হাতে ২০.৬৫ গড়ে ৪,০৬৯ রান করেছেন। ক্যারিয়ারে এখনো অবধি শতকের দেখা না পেলেও এ অলরাউন্ডার অর্ধশতকের ইনিংস খেলেছেন মোট ১৪ বার।
বল হাতেও নিজেকে মেলে ধরে অনেকের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। ২৬০ ম্যাচের মধ্যে ২৫৪ ইনিংসে বল করে নিজের ঝুলিতে ৩০০টি উইকেট নিয়েছেন বাঁহাতি এ স্পিনার। ইনিংসে ৫ উইকেটের দেখা পেয়েছেন তিনবার আর চার উইকেটের দেখা মোট সাতবার। ৬ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা দুর্দান্ত ইনিংসটি খেলেছেন ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল)।