নিউজিল্যান্ডে হয়ে যাওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ছিলেন। পারফর্ম করে গেছেন নিয়মিত। অনুজ্জ্বল বাংলাদেশের একমাত্র আলো হয়ে জ্বলছিলেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোর নির্বাচিত বিশ্বকাপের একাদশের ঠাঁই পেয়েছিলেন। সেই আফিফ হোসেন ধ্রুব নিজেকে মেলে ধরছেন এবারের বিসিএলেও।
আজ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন উনিশ না পেরোনো এই ক্রিকেটার। ১৫০ বলে সেঞ্চুরি করেন তিনি। যেখানে ছিল ১০ টি চার ও ৪ টি ছয়। সাইফ হাসানকে ছক্কা হাঁকিয়ে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান আফিফ।
এটি ছিল তার চতুর্থ শতক। ১৮ বছর ২১৬ তিন বয়সী ধ্রুব ম্যাচ খেলেছে মোটে আটটি। আর তাতে নিজের চতুর্থ শতক করে সামর্থ্যের প্রমাণ করেছেন।
২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে আফিফ হোসেন ধ্রুব’র। অভিষেক ম্যাচেই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমেই নর্থ জোনের বিপক্ষে ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ড্র হওয়া সেই ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও পান।
ক্যারিয়ারের অষ্টম ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ রানের গন্ডি পর করেছেন এই তরুণ ক্রিকেটার। ১৭ বছর বয়সেই বিপিএল অভিষেকে বাজিমাত করেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনে পারদর্শি আফিফের ঘূর্ণিতে সেদিন ক্রিস গেইলসহ গুণে গুণে পাঁচ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যায়। টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচ উইকেট শিকারি কনিষ্ঠ বোলার হয়ে আছেন তিনি।
