মুদ্রার এপিঠে হাসি, ওপিঠে কান্না




গতকাল জিতেছে বার্সেলোনা। ডেপর্তিভো লা করুনাকে ৪-২ গোলে হারিয়ে ২৫ তম শিরোপা ঘরে তোলে কাতালানরা। ম্যাচ শুরুর আগে দুই দলের জন্য পরিসংখ্যান ছিল দুটি। চ্যাম্পিয়ন হতে কেবল একটি পয়েন্ট দরকার বার্সেলোনার। অন্যদিকে ডেপর্তিভোর ছিল রেলিগেশন থেকে বাঁচার মরিয়া চেষ্টা। আর সেই জন্য জিততেই হতো স্বাগতিকদের। কিন্তু ঘরের মাঠে ব্যর্থ ডেপর্তিভো লা করুনা জিততে পারেনি, আর তাই আগামী লা লিগায় দেখা যাবে না তাদের। অবনমন হয়ে নেমে যেতে হচ্ছে নিচের বিভাগে।
স্কোরবোর্ড বলছে ৪-২ গোলে হেরেছে লা করুনা দলটি। মাঝে মাঝে স্কোর কার্ডও যে বেইমানি করে। একটি দলের সর্বোচ্চ প্রয়াস বুঝতে ওই স্কোরবোর্ডে জমা সংখ্যাগুলো দেখতে হয় না, দেখতে হয় খেলা। রেলিগেশন থেকে বাঁচতে গতকাল কি দুর্দান্ত খেলাটাই না খেলল ডেপর্তিভো। পয়েন্ট টেবিলের ১৮ নম্বর অবস্থানে থেকে দুর্দান্ত বার্সেলোনাকে চাপে রেখেছিল প্রতিনিয়ত। মরিয়া লা করুনায় খেই হারিয়েছিল চ্যাম্পিয়ন দলটিও।
০-২ গোলে পিছিয়ে ছিল তারা। মেসি-সুয়ারেজ-কুতিনহোদের মুহুর্মুহু আক্রমণ সামাল দিতে গিয়ে ধৈর্য হারায়নি, আত্মবিশ্বাসে ভাটা পড়তে দেয়নি। শেষ প্রচেষ্টায় দুই গোলে পিছিয়ে থেকেও দুটি পরিশোধ দিয়ে খেলাটাকে জমিয়ে তুলেছিল পেরেজ-মার্টিনেজ-হুয়ানফ্রানরা।
কিন্তু, ওই এক মহামানব। যার কাছে সবকিছু পরাজিত হয়। যার জাদুকরী পায়ের তলে লুটিয়ে পড়ে সব। সেই মেসি ম্যাজিকে স্বপ্নবোনা ডেপর্তিভো লা করুনার স্বপ্ন ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গিয়েছে। আর তাই একবছরের জন্য নিচের বিভাগে ঘাঁটি গেড়ে বসতে হবে আবার লা লিগা মহারণের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য।
আর তাই শেষ বাঁশি বাজার সাথে সাথে যেখানে শিরোপা জয়ের উৎসব বার্সেলোনার, সেখানে লা করুনা খেলোয়াড়রা লুটিয়ে পড়েছে মাঠে। চোখে মুখে হতাশার ছাপ। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে শূন্যে। অপার সে দৃষ্টিতে বেদনা, চোখের কোণ থেকে গড়িয়ে পড়ছে জল। খেলোয়াড়দের থেকে তা যেন সংক্রমিত হয়ে দর্শকদের চোখ ভিজিয়ে দেয়।
এ অশ্রু মানে না কিছু, মানে না কোনো স্বান্তনা। ফুটবল খেলাটা যেখানে অস্তিত্ব হয়ে দাঁড়ায় সেখানে ব্যর্থতার দায় যে শুধু খেলোয়াড়দেরই নয়। দর্শকরাও সেই ভাগ নিতে চায়। নিজের দলের খেলোয়াড়দের ব্যথা বেদনার অংশ হতে চায়। এই ডেপর্তিভো লা করুনা আরো শক্তিশালী হয়ে ফিরে আসুক লা লিগায়। নিজেদের ওই ভালবাসার দর্শকদের জন্য আবারো মাঠ কাঁপাবে, প্রত্যাশা এটিই।
ফুটবলটা এমনই। একদল যেখানে ট্রফি জয়ের আনন্দে মগ্ন, অন্যদল তখন নীরব দর্শক হয়ে চেয়ে থাকে। সেই শূন্য দৃষ্টি যেন কোনো কিছুই দেখে না। এই নিস্তব্ধতা মনকে উথাল করে দেয়। যেই দলের সমর্থকই হোক না কেন, প্রতিপক্ষের দর্শকদের ওই অশ্রুসিক্ত চোখের দিকে তাকালে মন টলতে বাধ্য। কারণ ফুটবল যে কেবলই এক খেলা নয়, খেলার থেকেও বেশি কিছু।